ছাদ থেকে পানি পড়ায় ১৮ মিনিট বিচারকাজ বন্ধ ছিল আপিল বিভাগে © ফাইল ছবি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ চলার সময় ছাদ থেকে বিচারকদের আসনে পানি পড়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতি এজলাস ছেড়ে যান। তারা খাস কামরায় চলে গেলে ১৮ মিনিট বন্ধ থাকে বিচারকাজ। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রেজিস্ট্রার জেনারেলসহ প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন। দ্রুত তারা ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বিচারকদের আসন সরিয়ে ফেলেন। ১৮ মিনিট পর বিচারকাজ শুরু হয়।
কর্মকর্তারা জানান, ডানপাশে বসা বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসনে ছাদ থেকে পানি পড়ছিল। তিনি বিষয়টি বেঞ্চ অফিসারকে জানান। এক পর্যায়ে প্রধান বিচারপতির নজরে আসে বিষয়টি। ৯ টা ৪৪ মিনিটে তারা এজলাস ছেড়ে খাস কামরায় যান।
আরো পড়ুন: উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল আজ
পরে প্রশাসনের কর্মকর্তারা এসে আসন সরিয়ে ফেলেন। এরপর ১০ টা ২ মিনিটে আসন গ্রহণ করেন বিচারপতিরা। জানা গেছে, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ছাদটি ঝুঁকিপূর্ণ। ইঞ্জিনিয়ার দিয়ে দেখানো উচিত।
এতে সহমত পোষণ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে। তিনি অ্যাটর্নি জেনারেলকেও সহযোগিতা করতে বলেন।