মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন © সংগৃহীত
মেট্রোরেলে বিজ্ঞাপনের কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এসব ছবিতে দেখা গেছে, রেলের কোচের ভেতরে এবং বের হওয়ার ডোর-ওয়েতে একটি কোম্পানির ফ্রিজের বিজ্ঞাপনে চেয়ে গেছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা।
দেশের প্রথম এই মেট্রোরেলের দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ৫ কোটি টাকায় বিজ্ঞাপন প্রচারের জন্য এড এজেন্সি মিডিয়া কম এর সাথে চুক্তি হয়েছে সরকারি এই কোম্পানিটির। এর সত্যতা নিশ্চিত করেছেন ডিএমটিসিএলর সচিব মোহাম্মদ আবদুর রউফ নিজেই।
তিনি গণমাধ্যমকে বলেন, এটা আমাদের বিজনেস প্লানিংয়ের একটা অংশ। উন্নত বিশ্বেও মেট্রোরেলে বিজ্ঞাপনের প্রচলন আছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই আমরা শুরু করেছি। এতে করে মেট্রোরেলের খরচ কমে আসবে বলে মনে করছি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছে, মেট্রোরেলে যত্রতত্র অপরিকল্পিত বিজ্ঞাপন মেট্রোরেলের সৌন্দর্য নষ্ট করছে। কেউ কেউ মন্তব্য করেন, জাপানিদের কাছ থেকে মেট্রোরেলের সাথে সৌন্দর্যবোধটাও শেখা উচিত আমাদের। আবার স্মার্ট পরিবহনে স্মার্ট বিজ্ঞাপন দেখতে চেয়েছে অনেকে। কিছু নেটিজেনকে বিজ্ঞাপনদাতা কোম্পানিটিকে দোষারোপ করতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন লিখেছেন, বিশ্বের সব মেট্রোরেলেই বিজ্ঞাপন থাকে, কিন্তু সব কিছুরই একটা সৌন্দর্য্য থাকে। এই ছবিটা অনলাইন থেকে পাওয়া, এডিট করা মনে হচ্ছে না। এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে মেট্রোরেল কর্তৃপক্ষ এবং বিজ্ঞাপন দাতা দুইজনেরই রুচিবোধ, ব্র্যান্ডিং, মার্কেটিংয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। মনে হচ্ছে ফার্মগেটে কোনো দেয়ালের উপর পোস্টার লাগানো হয়েছে। এতো সুন্দর একটা উদ্যোগ, এভাবে নষ্ট করা উচিত না।
জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর মেট্রোরেলের অভ্যন্তরে বিজ্ঞাপনী প্রচারণা কার্যক্রম নিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও বিজ্ঞাপনী সংস্থা মিডিয়া কম লিমিটেডের এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস নিয়ে চুক্তি সই হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, মিডিয়া কমের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান মেট্রোরেলের ভেতরে তাদের ভিডিও বিজ্ঞাপন, ডাইনামিক ও ফিক্সড স্টিকার বিজ্ঞাপন চালাতে পারবে। মূলত সে চুক্তির ভিত্তিতে মিডিয়া কমের মাধ্যমে মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচার করছে কোম্পানিটি।
প্রসঙ্গত, দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। গত ৫ নভেম্বর মতিঝিল অংশও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।