গাজায় যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রীর পাঁচ সুপারিশ

১২ নভেম্বর ২০২৩, ০২:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধে পাঁচ দফা সুপারিশ পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব সুপারিশে তিনি ফিলিস্তিনের এই গুরুত্বপূর্ণ ইস্যুতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন।

সৌদি আরবের রিয়াদে ৮ম বিশেষ ইসলামিক শীর্ষ সম্মেলনে সম্প্রচারিত ধারণকৃত ভাষণে তিনি এ আহ্বান জানান। গত ৯ নভেম্বর থেকে রিয়াদে এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের নৃশংস ও নজিরবিহীন আগ্রাসন নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের আমন্ত্রণে এই শীর্ষ সম্মেলন আহ্বান করা হয়।

অবিলম্বে এই আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তার পাঁচ দফা সুপারিশের প্রথম দফায় ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইল পরিচালিত জঘন্য একতরফা যুদ্ধ বন্ধে অবিলম্বে ‘যুদ্ধবিরতির’ আহ্বান জানান। তিনি বলেন, এই যুদ্ধ অন্যায্য এবং এটি মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের নির্মম লঙ্ঘন।

এক মাসেরও বেশি সময় ধরে গাজা জ্বলছে এবং এখনও তা অব্যাহত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরাইল কোন বিরতি ছাড়াই নির্দয় তাণ্ডব চালাচ্ছে, হাসপাতাল ও বেসামরিক অবকাঠামোতে বোমাবর্ষণ করছে এবং হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।’

প্রধানমন্ত্রী তার দ্বিতীয় সুপারিশে বলেন, বিধ্বস্ত গাজার আটকে পড়া বাসিন্দাদের জন্য খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য জীবন রক্ষাকারী উপকরণের অবিচ্ছিন্ন, দ্রুত এবং নিরাপদ সরবরাহের জন্য অবিলম্বে একটি মানবিক করিডোর খোলার প্রয়োজন রয়েছে।


তিনি বলেন, বিরামহীন ইসরায়েলি বোমা হামলায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার এ সময়ে, মনে হচ্ছে আমরা, আন্তর্জাতিক সম্প্রদায় মৃত্যু ও ধ্বংসের দৃশ্য দেখে অচল হয়ে পড়েছি।

অন্তত একটি নিরাপদ মানবিক করিডোরের জন্য আমাদের দ্রুত কাজ করা দরকার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তৃতীয়ত দফা সুপারিশে শেখ হাসিনা বলেন, নিরপরাধ বেসামরিক মানুষ হত্যা এবং বর্বর উপায়ে এলাকাগুলো উচ্ছেদ করায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। তিনি বলেন, ‘এই ধরনের জঘন্য কাজের শাস্তি হওয়া উচিত যাতে গাজায় যাদের বাড়িঘর রয়েছে তারা আবারও তাদের নিজ দেশে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে।’

চতুর্থত তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জাতিসংঘ, আরব শান্তি উদ্যোগ এবং কোয়ার্টেট রোড ম্যাপে সম্মত  হওয়া সিদ্ধান্তগুলো পুনরায় দেখে নেওয়া এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে যা এই অঞ্চলের জনগণের মধ্যে স্থায়ী শান্তি আনবে।’

পঞ্চম পরামর্শে তিনি ফিলিস্তিনের এই গুরুত্বপূর্ণ ইস্যুতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, তারা আমাদের ভাই ও বোন যারা গত ৫৫ বছর ধরে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের নিজস্ব মাতৃভূমির অধিকার থেকে বঞ্চিত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন সময় এসেছে যে, আমরা সবাই একসঙ্গে তাদের পাশে দাঁড়াই এবং তাদের ন্যায্য দাবিটি উপলব্ধি করতে তাদের সহায়তা করি।’ নারী ও শিশুরা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং যুবকরা তাদের জীবন দেয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নিজে শান্তিতে বিশ্বাসী এবং অন্য দেশের সব ধরনের যুদ্ধ ও দখলদারিত্বের বিরোধিতা করেন উল্লেখ করে বলেন, ‘আমরা চাই যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান হোক। সবার কাছে আমার আবেদন: যুদ্ধ বন্ধ করুন; অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করুন। প্রতিটি দেশ তার সার্বভৌমত্ব এবং শান্তিতে বসবাসের অধিকার ফিরে পাক। এতেই নিহিত রয়েছে মানবজাতির কল্যাণ।’

প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে এবং আল-কুদস আল-শরীফকে রাজধানী করে দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের আত্মনিয়ন্ত্রণ, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার অধিকারকে সমর্থন করে এবং তাদের পাশে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, ‘আমরা আশা করি আপনারা সকলেই তা করবেন।’

শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য তিনি মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বৈঠকটি ইসরাইলকে প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের ওপর নিষ্ঠুর আক্রমণ বন্ধ করার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

কয়েক দশক ধরে গাজাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ উন্মুক্ত কারাগার হিসেবে বর্ণনা করে তিনি বলেন, একসময় নির্যাতিত ইহুদি জনগণ এখন নির্মমভাবে তাদের ঘরবাড়ি, আশা-আকাঙ্খা ও পরিবারগুলোকে ধ্বংস করছে; যারা তাদের কঠিন দিনগুলোতে আশ্রয় দিয়েছিল।

সূত্র: বাসস

চিকিৎসা-সংসার-সন্তান নিয়ে বিপদে জুলাইয়ে গুলিবিদ্ধ শাবিপ্রবি…
  • ২৯ মার্চ ২০২৬
তেলের দাম ও বাসভাড়া বাড়িয়েছেন কারা, যা বললেন নাসীরুদ্দীন পা…
  • ২৯ মার্চ ২০২৬
ময়মনসিংহে চাল ব্যবসায়ীকে হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারী গ্র…
  • ২৯ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, কর্মস্থল ঢাকা
  • ২৯ মার্চ ২০২৬
সাতক্ষীরার শ্যামনগরে ২০০ লিটার ডিজেল জব্দ
  • ২৯ মার্চ ২০২৬
পে-স্কেলের বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সর…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence