ভবনটি আগুনে পুড়ছে © সংগৃহীত
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ২৪টি ইউনিট।
সাইদ গ্রান্ড সেন্টারের ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে ভবনের একাধিক ফ্লোরে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ানো হয় ফায়ার সার্ভিসের ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৩তলা বিশিষ্ট সাইদ গ্রান্ড সেন্টারের ১০তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। বহুতল ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে টার্ন টেবল লেডার (টিটিএল)। এই গাড়িটি দিয়ে ৬৮ মিটার উচ্চতা অর্থাৎ বহুতল ভবনের ২৪তলা পর্যন্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ করা যায়।
আরও পড়ুন: শিক্ষা ক্যাডার বিলুপ্তির চেষ্টা হচ্ছে
আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে কিছুটা সময় লাগবে। প্রতিটি তলায় তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কত তলা থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।