শিক্ষার্থী © ফাইল ফটো
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিস্তারিত ঠিক করতে আগামীকাল সোমবার সভায় বসতে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে সকাল ১০টায় এ সভা শুরু হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফল কয়টার দিকে প্রকাশ হবে, সংবাদ সম্মেলন কোথায় হবে, শিক্ষার্থীরা ফল কীভাবে দেখবেন, ফলাফল পুনর্মূল্যায়ন কবে থেকে শুরু হবে, ফি কতটাকা হবে—এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সভা শেষে ফল প্রকাশের বিস্তারিত জানানো হবে। এর আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না।’
এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর (সোমবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।