স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে শেখ ফজলে শামস্ পরশ ও মো.মাইনুল হোসেন খান নিখিল © ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে দেশে ফিরিয়ে আনতে যা যা করার করা হবে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে চার দফা দাবিতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যুবলীগের পক্ষে থেকে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে চার দফা দাবির মধ্যে যেসব দাবি রয়েছে এরমধ্যে তারেক রহমান ও জোবায়দাকে ফিরিয়ে আনার দাবিও রয়েছে।
আরো পড়ুন: ঢাবিতে সদ্য ভর্তি শিক্ষার্থীদের আনুষঙ্গিক কাজ ৩ দিনে, ক্লাস ১৬ আগস্ট
এর আগে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গত ২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালত তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তারেকের স্ত্রী জোবায়দাকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
স্মারকলিপি গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের স্মারকলিপি পেয়েছি। আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার, সেটা আমরা করবো। আমরা সমস্ত ঘটনা জানি। এরই মধ্যে তারেক জিয়া ও তার স্ত্রী আদালত দ্বারা দণ্ডিত। তাদের ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করার আমরা করবো।’