সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ © সংগৃহীত
সিলেট-তামাবিল সড়কের দরবস্ত ফারুক স্মরনী এলাকায় বাস ও ইজিবাইকের (ব্যাটারিচালিত রিকশা) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে (ইজিবাইক চালক) মো. কামাল আহমদ (২৫) ও উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।
শুক্রবার (০৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা শুরু করেছে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সিলেট থেকে জাফলংয়ে অভিমুখী বাসটি বিপরীতমুখী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ইজিবাইকে চালক ছাড়াও সাতজন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন।
জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া জাফলংগামী বাস রাত ১০টার দিকে দরবস্ত এলাকার ফারুক স্মরনীর সম্মুখে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: ইজিবাইকে বাসচাপা, একই পরিবারের ৫ জনসহ নিহত সাত
এতে ইজিবাইকে থাকা ৭ যাত্রীর মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছেন। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু। হতাহতদের নাম পরিচয় জানার চেষ্টায় আছি।