এডুকেশন এক্সপো © সংগৃহীত
আগামী শুক্রবার (৭ জুলাই) থেকে শুরু হচ্ছে ভারতীয় শিক্ষার ওপর জনপ্রিয় এডুকেশন শো সিরিজ ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো-২০২৩’। অ্যাফেয়ার্স এক্সিবিশনস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড আয়োজিত এই শিক্ষা মেলায় ভারতের ২৫টির বেশি উচ্চ র্যাংকযুক্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
আগামী ৭ ও ৮ জুলাই চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে এই এক্সপো শুরু হয়ে ১০ ও ১১ জুলাই ঢাকার যমুনা ফিউচার পার্কে, ১৩ জুলাই খুলনা সিটি ইন হোটেলে এবং ১৫ জুলাই রাজশাহীর গার্ডেন রিভার ভিউ হোটেলে এক্সপোটি অনুষ্ঠিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সঠিক কোর্স বেছে নিতে এবং ভর্তি সংক্রান্ত হালনাগাদ ও সঠিক তথ্য শেয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের কাউন্সেলিং করবেন। স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় বা কলেজে অন-স্পট আবেদনের এবং ১০০ শতাংশ মেধাভিত্তিক স্কলারশিপ অর্জনের সুযোগ পাবেন।
আরও পড়ুন: এশিয়ার সেরা ১ হাজারে নেই বাংলাদেশের কোনো গবেষক
অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বোলিয়া বলেন, ‘ভারতীয় উচ্চশিক্ষার অর্জনগুলোকে তুলে ধরাই এক্সপোর মূল উদ্দেশ্য। স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো শুধু ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে শিক্ষার্থীদের ভর্তির একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয় না বরং অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা, একাডেমিক অংশীদারিত্ব, বিদেশে ভারতীয় এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। আমরা শিক্ষার্থীদের জন্য তথ্যের সঠিক উৎস থেকে দ্রুত অ্যাক্সেস ভাগ করে নেওয়ার পাশাপাশি ভর্তির প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্য রাখি।’
স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্লাউড কম্পিউটিং, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্টের মতো জনপ্রিয় কিছু কোর্স অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অফার করবে বলে জানা গেছে।
এক্সপোটিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো– বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ), শারদা ইউনিভার্সিটি, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি, এসআরএম ইউনিভার্সিটি, মানব রচনা ইউনিভার্সিটি, কেআইআইটি ইউনিভার্সিটি, বিএমএস কলেজ অব ইঞ্জিনিয়ারিং, পিডিইইউ, এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি, মোদি ইউনিভার্সিটি, এআই এমএস ব্যাঙ্গালোর, সিভি রমন বিশ্ববিদ্যালয়, আদিত্য গ্রুপ অব ইনস্টিটিউটস, পিম্পরি চিঞ্চওয়াড় বিশ্ববিদ্যালয় প্রমুখ।
যে সব শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর, এমনকি কর্মজীবী-পেশাজীবী তারা স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে যোগদান করতে পারবেন। শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে এক্সপোতে অংশগ্রহণ করতে https://studyinindiaexpo.com/bangladesh/ লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।