শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি
পড়াশোনা শুধু ডিগ্রি আর সার্টিফিকেটের জন্য নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, পড়াশোনা হতে হবে একজন মানুষকে তৈরি করে দেওয়ার জন্য। যাতে সে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে তৈরি হয়ে নিজের জীবনে এবং দেশের জন্য অবদান রাখতে পারে।
শুক্রবার (২৮ অক্টোবর) কক্সবাজারে ‘পর্যটন শিল্পের সঙ্গে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের যোগসূত্র বৃদ্ধি’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউজ ‘জল তরঙ্গ’ হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। ‘এনহ্যান্সিং অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি লিংকেজ ইন ট্যুরিজম অ্যান্ড বুক লন্সিং’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
আরও পড়ুন: পালি-সংস্কৃত শিক্ষকদের বেতন বাড়ছে
ট্যুরিজম যত বেশি উন্নত হবে, অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব তত বেশি পড়বে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, ‘যত বেশি পর্যটক আসবে, দুনিয়ার মানুষ তত বেশি বাংলাদেশকে জানতে পারবে। আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়বে।’
ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্টের ওপরে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন টেক্সট বই রচনা করেছে। এই উদ্যোগ পর্যটন খাতকে প্রাতিষ্ঠানিকভাবে একধাপ এগিয়ে নেবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এই কর্মশালার মাধ্যমে দেশব্যাপী পর্যটন শিল্পের সচেতনতা ও পর্যটন শিক্ষা বিকাশে ব্যাপক ভূমিকা রাখবে। এর অনেক বড় প্রভাব আমাদের শিক্ষাব্যবস্থায় পড়বে। শিক্ষার্থীদের দক্ষতা, যোগ্যতা বাড়ানোর উপরে এর প্রভাব পড়বে।’