ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে এই কোয়েশ্চন ভল্ট প্রকাশ করা হয়েছে © সংগৃহীত
মেডিকেল শিক্ষার সূচনাপর্বেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম টার্মের ভাইভা পরীক্ষা নিয়ে প্রায়ই ভীতি ও অনিশ্চয়তায় পড়তে হয়। শিক্ষার্থীদের সেই অনিশ্চয়তা দূর করে ভাইভা প্রস্তুতিকে আরও সহজ ও গুছিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) শাখা ছাত্রদল ও ‘Stethos of SSMC’। সংগঠন দুটির যৌথ প্রয়াসে প্রকাশিত হয়েছে ‘EVIDENCE 1st Term Viva Question Vault’ নামের একটি প্রশ্ন সংকলন।
সংকলনটির মোড়ক উন্মোচন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) ডা. মো. শাহীন রেজা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের সম্মানিত চিকিৎসক এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে বইটি বিনামূল্যে বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, EVIDENCE টিমের সদস্য সাব্বির, স্বপ্নিল, ইরফান, আলভী, আশরাফুল ও শিপনের নিরলস ও সম্মিলিত পরিশ্রমে প্রথম বর্ষের জন্য প্রয়োজনীয় ভাইভা প্রশ্নগুলো একত্র করে এই ‘কোশ্চেন ভল্ট’ প্রস্তুত করা হয়েছে।
‘শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের জন্য—EVIDENCE’—এই প্রত্যয়কে ধারণ করে প্রকাশিত এই প্রশ্ন ভল্টটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম টার্ম পরীক্ষার আগ মুহূর্তের প্রস্তুতিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।