বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ পরিবারের
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ তালহা © পরিবারের সৌজন্যে
১০ বছরের ছোট্ট শিশু মোহাম্মদ তালহা। চোখে যার ছিল অগণিত স্বপ্ন, প্রতিদিনের মতো ব্যাগ গুছিয়ে স্কুলে যাওয়ার তাগিদ, আর বন্ধুদের সঙ্গে ছোটাছুটির চঞ্চলতা। কক্সবাজারের ঈদগাঁও থানার অন্তর্গত জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের সন্তান এবং ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর এই ছাত্রটির জীবনে হঠাৎ করেই নেমে এসেছে অন্ধকার। চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, সে ‘অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (টি-সেল)’ নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী।
তালহার বাবা নুরুল ইসলাম পেশায় একজন সাধারণ ক্ষুদ্র মুদি ব্যবসায়ী, মা ফারহানা আক্তার একজন গৃহিণী। ছয় সদস্যের এই পরিবারে চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তালহা পঞ্চম। সীমিত আয়ে সন্তানদের পড়াশোনা চালিয়ে কোনোমতে দিনযাপন করা এই পরিবারটির ওপর ক্যান্সার এক কঠিন পরীক্ষা হয়ে এসেছে।
তালহার মামা সাংস্কৃতিক কর্মী আজাদ আশরাফ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, গত তিন মাসেরও বেশি সময় ধরে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে অবুঝ শিশুটি। প্রতিদিনের দামি কেমোথেরাপি, উচ্চক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিক এবং প্রতিনিয়ত প্রয়োজনীয় রক্ত পরীক্ষা ও ওষুধের বিপুল খরচ বহনে পরিবারটি আজ নিঃস্ব ও দিশেহারা।
তিনি জানান, প্রথম দুই-তিন মাস নিকটাত্মীয়, পরিচিতজন এবং শুভানুধ্যায়ীদের ব্যক্তিগত ও স্বেচ্ছাসেবী সহযোগিতায় চিকিৎসার চাকা সচল থাকলেও বর্তমানে অর্থাভাবে তা বন্ধের উপক্রম হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংবেদনশীল ও অনিশ্চিত; কখনো কিছুটা ভালো তো পরক্ষণেই অবস্থার অবনতি ঘটছে। চিকিৎসকদের মতে, সম্পূর্ণ সুস্থ হতে তালহাকে আরও কত মাস হাসপাতালে থাকতে হবে তার কোনো নিশ্চয়তা নেই।
ফলে এমন ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী চিকিৎসা চালানো একজন সামান্য মুদি দোকানদার বাবার পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। একদিকে টাকার শূন্যতা, অন্যদিকে অবুঝ সন্তানকে চিরতরে হারিয়ে ফেলার শঙ্কা—সব মিলিয়ে পরিবারটি পড়েছে গভীর মানবিক সংকটে।
আজাদ আশরাফ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, সবার সামান্য সহমর্মিতা ও আর্থিক সহযোগিতায় তালহাকে নতুন জীবন দিতে এবং তাকে তার পরিবারের কাছে সুস্থভাবে ফিরিয়ে দিতে পারে। আমি সবার কাছে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই।
সহযোগিতা পাঠানোর ঠিকানা
বিকাশ / নগদ (পার্সোনাল): 01827-716371 (নাম: Istiak Uddin)
সেলফিন: 01825-252978
ব্যাংক হিসাব তথ্য
ব্যাংকের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (IBBPLC)
হিসাবের নাম: MOHAMMAD ASRAFUL ALAM
হিসাব নম্বর: 20501620205978209
শাখা: চকবাজার শাখা, চট্টগ্রাম।
রাউটিং নম্বর: 125151931