মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আমাদের জন্য আদর্শ

২৬ আগস্ট ২০২৬, ০৯:২৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৯:২৭ AM
মসজিদ

মসজিদ © সংগৃহীত

রবিউল আউয়াল মুসলিম উম্মাহর জন্য একটি স্মরণীয় মাস। এই মাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনের স্মৃতি। প্রসিদ্ধ মত অনুযায়ী, ১২ রবিউল আউয়াল তার জন্মদিন হিসেবে পরিচিত। আবার একই তারিখে তিনি এই পৃথিবী থেকে বিদায়ও নেন এটাতে কোনো মতভেদ নেই। তার আগমন ছিল মানবজাতির জন্য আল্লাহ তাআলার এক মহান রহমত। আর আমরা এমন একজন নবীর উম্মত এটাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত ও জীবনের অন্যতম শ্রেষ্ঠ সার্থকতা’

মনে প্রশ্ন জাগতে পারে মহানবী (সা.)-কে নবী হিসেবে পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা কেন? এর উত্তর খুঁজতে হলে তার সীরাতের দিকে তাকাতে হয়। কারণ,তিনি এমন এক মহান আদর্শ, যার জীবনের প্রতিটি অধ্যায়েই রয়েছে আমাদের জন্য শিক্ষা। তিনি শুধু একজন নবী হিসেবেই আমাদের মাঝে এসেছেন তা নয়; তার ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, শিক্ষাদান, বন্ধুত্ব, নেতৃত্ব, ধৈর্য, ক্ষমাশীলতা ও ইবাদত জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন অনুপম দৃষ্টান্ত।

আল্লাহ তাআলা বলেন— لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ অর্থ: ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’— সূরা আল-আহযাব, ৩৩:২১ আপনি যদি আপনার চরিত্রকে সুন্দর করতে চান তাহলে রাসুলুল্লাহ ﷺ-এর চরিত্রের দিকে তাকান। আল্লাহ তাআলা তার মহান চরিত্রের প্রশংসা করে বলেছেন— وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ

অর্থ: ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’ সূরা আল-কলম, ৬৮:৪

সত্যবাদিতা, আমানতদারি, বিনয়, দয়া, ধৈর্য ও ক্ষমাশীলতা সবকিছুতেই তিনি ছিলেন অনন্য। নবুয়তের আগেই মক্কার মানুষ তাকে 'আস-সাদিক' ও 'আল-আমিন' বলে চিনত। তার চরিত্রের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল, তিনি যে শিক্ষা মানুষকে দিতেন, তা নিজের জীবনেও বাস্তবায়ন করে দেখাতেন।

আপনি যদি একজন আদর্শ শিক্ষক হতে চান
তাহলে মহানবী (সা.)-এর শিক্ষাদানের পদ্ধতি অধ্যয়ন করুন। তিনি শুধু জ্ঞান দিয়ে দায়িত্ব শেষ করতেন না; বরং মানুষের অবস্থা বুঝে, সহজ ভাষায় এবং উপযুক্ত উদাহরণের মাধ্যমে শিক্ষা দিতেন। কখনো প্রশ্নের মাধ্যমে, কখনো উদাহরণের মাধ্যমে, আবার কখনো কোনো ঘটনা তুলে ধরে সাহাবিদের শিক্ষা দিতেন।

মসজিদে নববীতে আসহাবে সুফফা-এর সাহাবিরা জ্ঞান অর্জন ও দ্বীনের শিক্ষা গ্রহণে বিশেষভাবে নিয়োজিত ছিলেন। রাসুলুল্লাহ (সা.) তাদের শিক্ষা ও তরবিয়তের প্রতি গুরুত্ব দিতেন। তাদের মধ্য থেকে অনেকে পরবর্তীতে হাদিস ও ইসলামী জ্ঞান সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখান থেকে বোঝা যায়, একজন শিক্ষকের কাজ শুধু বইয়ের জ্ঞান পৌঁছে দেওয়া নয়; বরং শিক্ষার্থীর চরিত্র ও জীবন গঠনের দায়িত্বও তার রয়েছে।

আপনি যদি একজন উত্তম স্বামী হতে চান
তাহলে তার পারিবারিক জীবন অধ্যয়ন করুন। রাসুলুল্লাহ সা. পরিবারের সদস্যদের সঙ্গে কোমল আচরণ করতেন এবং ঘরের কাজেও সহযোগিতা করতেন।

আয়িশা (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, রাসুলুল্লাহ সা. ঘরে কী করতেন। তিনি জানান, তিনি পরিবারের কাজে ব্যস্ত থাকতেন; সালাতের সময় হলে সালাতের জন্য চলে যেতেন। —সহিহ আল-বুখারি, হাদিস ৬০৩৯।

এই ছোট্ট ঘটনাটির মধ্যেই পারিবারিক জীবনের বড় একটি শিক্ষা রয়েছে। একজন মানুষের মর্যাদা শুধু বাইরের বড় কাজ দিয়ে প্রকাশ পায় না; পরিবারের মানুষের সঙ্গে তার আচরণ এবং দায়িত্ব পালনের মধ্যেও তার চরিত্র প্রকাশ পায়।

আপনি যদি একজন আদর্শ পিতা হতে চান
তাহলে সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে রাসুলুল্লাহ ﷺ-এর আচরণের দিকে তাকান। শিশুদের প্রতি তাঁর ভালোবাসা ও কোমলতা ছিল অসাধারণ। তাঁর নাতি হাসান ও হুসাইন (রা.)-এর প্রতি তাঁর গভীর ভালোবাসার বহু দৃষ্টান্ত হাদিসে পাওয়া যায়।

তিনি শিশুদের ভালোবাসতেন, তাদের সঙ্গে কোমল আচরণ করতেন এবং তাদের মর্যাদা দিতেন। তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয়—সন্তানকে শুধু শাসন করাই দায়িত্ব নয়; ভালোবাসা, স্নেহ ও সুন্দর আচরণের মাধ্যমে তার হৃদয় জয় করাও একজন পিতার দায়িত্ব।

আপনি যদি একজন ভালো বন্ধু হতে চান
তাহলে রাসুলুল্লাহ (সা.) ও হজরত আবু বকর (রা.)-এর বন্ধুত্বের দিকে তাকান। তাদের সম্পর্কের ভিত্তি ছিল বিশ্বাস, ভালোবাসা ও ত্যাগ।

হিজরতের সময় তারা যখন সাওর গুহায় অবস্থান করছিলেন, তখন আবু বকর (রা.) আশঙ্কা করেছিলেন, শত্রুরা যদি নিচের দিকে তাকায়, তাহলে তাদের দেখে ফেলতে পারে। এমন পরিস্থিতিতে রাসুলুল্লাহ (সা.) তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন— مَا ظَنُّكَ يَا أَبَا بَكْرٍ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا

অর্থ: ‘হে আবু বকর! এমন দুই ব্যক্তি সম্পর্কে তোমার কী ধারণা, যাদের তৃতীয়জন হলেন আল্লাহ?’ সহিহ আল-বুখারি, হাদিস ৩৬৫৩।

কুরআনেও সেই মুহূর্তের কথা এসেছে— لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ‘চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’ সূরা আত-তাওবা, এই ঘটনা বন্ধুত্বের একটি গভীর শিক্ষা দেয়—সত্যিকারের বন্ধু শুধু আনন্দের দিনে পাশে থাকে না; বিপদের সময়ও পাশে থাকে, সাহস দেয় এবং বিশ্বস্ততা বজায় রাখে।

আপনি যদি একজন আদর্শ নেতা হতে চান
তাহলে মহানবী (সা.)-এর নেতৃত্বের জীবন অধ্যয়ন করুন। মক্কার কঠিন সময় থেকে শুরু করে মদিনায় একটি সমাজ গড়ে তোলা পর্যন্ত তার নেতৃত্বে ছিল প্রজ্ঞা, ধৈর্য, দূরদর্শিতা ও পরামর্শের সমন্বয়। তিনি সাহাবিদের মতামতকে গুরুত্ব দিতেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করতেন। নেতৃত্বের ক্ষেত্রে তার অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি শুধু নির্দেশ দিতেন না, বরং নিজেও কাজের অংশ হতেন। তাই সাহাবায়ে কেরাম তার নেতৃত্বকে শুধু অনুসরণই করেননি; তার জীবনকেও নিজেদের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন।

আপনি যদি ক্ষমা করতে শিখতে চান
তাহলে মহানবী (সা.) এর ক্ষমাশীলতার দৃষ্টান্তগুলোর দিকে তাকান। জীবনে এমন অনেক মানুষ তার বিরোধিতা করেছে, তাকে কষ্ট দিয়েছে; কিন্তু ব্যক্তিগত প্রতিশোধকে তিনি তার জীবনের মূলনীতি বানাননি। বরং বহু ক্ষেত্রেই তিনি ক্ষমা ও কল্যাণের পথ বেছে নিয়েছেন। তার জীবন আমাদের শেখায় ক্ষমা দুর্বলতার পরিচয় নয়। বরং প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করতে পারা চরিত্রের বড় শক্তি। আপনি যদি আল্লাহর একজন প্রিয় বান্দা হতে চান তাহলে মহানবী (সা.)-এর ইবাদতের জীবন অধ্যয়ন করুন। তিনি আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করতেন এবং ইবাদতে অত্যন্ত যত্নশীল ছিলেন।

আয়িশা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) রাতে এত দীর্ঘ সময় নামাজ আদায় করতেন যে তার পা মুবারক ফুলে যেত। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন— أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا

অর্থ: ‘আমি কি কৃতজ্ঞ বান্দা হব না?’—সহিহ আল-বুখারি, হাদিস ৪৮৩৬–৪৮৩৭। এখানে একজন মুমিনের জন্য গভীর শিক্ষা রয়েছে। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু মুখের কথায় প্রকাশ পায় না; বরং ইবাদত, আনুগত্য ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে তা জীবনে প্রকাশ করতে হয়।

সবকিছু মিলিয়ে বলা যায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন আমাদের জন্য এমন এক পূর্ণাঙ্গ আদর্শ, যেখানে জীবনের প্রায় প্রতিটি প্রয়োজনীয় ক্ষেত্রের জন্যই আমরা পথনির্দেশ খুঁজে পাই। চরিত্র সুন্দর করা থেকে শুরু করে শিক্ষকতা, পারিবারিক জীবন, বন্ধুত্ব, নেতৃত্ব, ক্ষমাশীলতা ও ইবাদত সব ক্ষেত্রেই তার সীরাত আমাদের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

তাই মহানবী (সা.) কে ভালোবাসা শুধু আবেগের বিষয় নয়। তাকে সত্যিকার অর্থে ভালোবাসতে হলে তার জীবন জানতে হবে, তার আদর্শ বুঝতে হবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী তা জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে।

আমরা এমন একজন মহান নবীর উম্মত, যার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা, প্রতিটি আদর্শ আমাদের জন্য পথনির্দেশ এবং প্রতিটি সুন্নাহ আমাদের জন্য কল্যাণের দিশা। এমন একজন মহামানবকে নবী হিসেবে পাওয়া এর চেয়ে বড় সৌভাগ্য, বড় সম্মান এবং জীবনের বড় সার্থকতা আর কী হতে পারে?

তাই আসুন, শুধু রবিউল আউয়ালে নয় জীবনের প্রতিটি দিন আমরা রাসুলুল্লাহ (সা.) এর সীরাত পড়ি, তার চরিত্রকে জানি, তার সুন্নাহকে ভালোবাসি এবং নিজের জীবনে তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি।

আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর সীরাত জানা, তার সুন্নাহ অনুসরণ করা, তার উত্তম চরিত্র ধারণ করা এবং তার দেখানো পথে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। اللهم صل وسلم وبارك على نبينا محمد (সা.)

লেখক: শিক্ষক, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা, বগুড়া

বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬
অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬
স্যাটেলাইট নেটওয়ার্ক আনার ঘোষণা বাংলালিংকের, টাওয়ার ছাড়াই ম…
  • ২৬ আগস্ট ২০২৬