দোয়ায় হাত কতটুকু ওঠাবেন, যা বলছে ইসলামী বিধান

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ AM
দোয়া

দোয়া © সংগৃহীত

দোয়া করার সময় আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব, বিনয় ও নম্রতা প্রকাশ করা হয়। এ কারণে দোয়ার সময় হাত তোলার ক্ষেত্রেও ইসলামে কিছু আদব ও পদ্ধতি রয়েছে। সাধারণভাবে দোয়ার সময় দুই হাত বুক অথবা কাঁধ পর্যন্ত ওঠানো উচিত। তবে দোয়ার ধরন ও পরিস্থিতি অনুযায়ী হাতের উচ্চতা ভিন্ন হতে পারে।

দোয়ায় হাত ওঠানোর পরিমাণ ও পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন মুফতী ও মুহাদ্দিস সাইদুজ্জামান কাসেমি।

তিনি জানান, দোয়ার সময় এমন ভঙ্গি হওয়া উচিত, যাতে বিনয় ও নম্রতা প্রকাশ পায়। সাধারণ অবস্থায় দুই হাত বুকের সমান্তরালে ওঠানো এবং দুই হাতের তালুর মধ্যে সামান্য ব্যবধান রাখা আদব।

রাসুলুল্লাহ (সা.)-এর দোয়ার সময় বুক পর্যন্ত হাত ওঠানোর প্রমাণ রয়েছে। আবার সাহল ইবনু সা‘দ (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবী করিম (সা.) হাতের আঙুলগুলো কাঁধের সমান্তরাল পর্যন্ত উঠাতেন। আনাস (রা.) থেকে বর্ণিত আরেক হাদিসে রয়েছে, তিনি দোয়ার সময় এত উঁচু করে হাত তুলতেন যে তার দুই বগলের শুভ্রতা দেখা যেত।

বিভিন্ন বর্ণনার মধ্যে সমন্বয় করে ওলামায়ে কেরাম বলেছেন, সাধারণ অবস্থায় রাসুলুল্লাহ (সা.)-এর আমল ছিল বুক পর্যন্ত হাত ওঠানো। তবে বিশেষ তাওয়াজু বা অত্যন্ত বিনয় ও কাতরতার সময় তিনি হাত কিছুটা উঁচু করতেন। আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.)-এর বর্ণনায় মুখমণ্ডলের সমান্তরাল পর্যন্ত হাত ওঠানোর কথাও পাওয়া যায়।

মাথা পর্যন্ত হাত ওঠানো যাবে?
উত্তরে বলা হয়েছে, সাধারণ অবস্থায় দোয়ার সময় দুই হাতের তালু বুকের সমান্তরালে রাখা আদব। তবে আঙুল কাঁধের সমান্তরাল পর্যন্ত পৌঁছালে তাতেও অসুবিধা নেই। কিন্তু হাত অতিরঞ্জিতভাবে কপাল বা মাথা পর্যন্ত নিয়ে যাওয়া পছন্দনীয় নয়। আবদুল্লাহ ইবনু উমর (রা.) এটিকে নিয়মিত অভ্যাসে পরিণত করার ব্যাপারে আপত্তি করেছেন।

তবে বিশেষ পরিস্থিতিতে হাত আরও উঁচু করার প্রমাণ রয়েছে। বিশেষ করে ইস্তিসকার বা বৃষ্টির জন্য দোয়ার সময় রাসুলুল্লাহ (সা.) অনেক উঁচু করে হাত তুলেছেন। আনাস (রা.) বলেন, তিনি তার দুই হাত এত উঁচু করলেন যে, তার দুই বগলের শুভ্রতা দেখা গেল। (সহিহ বুখারি, ১০৩১; সহিহ মুসলিম, ৮৯৫)।

এ ছাড়া রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত লজ্জাশীল ও দয়ালু। কোনো ব্যক্তি তার কাছে দু’হাত উঠালে তিনি তা শূন্য ও ব্যর্থ অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।’ (সুনান আবু দাউদ, ১৪৮৮; জামে তিরমিজি, ৩৫৫৬)। 

অর্থাৎ, সাধারণ দোয়ার ক্ষেত্রে বুকের সমান্তরালে হাত ওঠানো আদব। তবে বিশেষ পরিস্থিতি ও দোয়ার ধরন অনুযায়ী আরও উঁচু করে হাত তোলার প্রমাণ রয়েছে। [সূত্র: মুসলিম বাংলা]

ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি, শুধু ফ্রেশারদের জন্য
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে চাকরি, লাগবে ১ বছরের অভিজ্ঞতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দোয়ায় হাত কতটুকু ওঠাবেন, যা বলছে ইসলামী বিধান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬