নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ও লায়ন নৃত্য পরিবেশন © টিডিসি ফটো
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ও লায়ন নৃত্য পরিবেশন করেছেন দেশটির একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে এ পরিবেশনা করেন চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে তাঁদের এই পরিবেশনার আয়োজন করা হয়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কার্যক্রমের আওতায় দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে এ সহযোগিতা গড়ে উঠেছে। এ কার্যক্রমে বিকেএসপির প্রশিক্ষকেরা চীনা শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দেন।
অন্যদিকে, চীনা প্রশিক্ষকেরা বিকেএসপির শিক্ষার্থীদের উশুসহ বিভিন্ন খেলায় প্রশিক্ষণ দিয়ে থাকেন। এ ছাড়া চীনা প্রশিক্ষকদের কাছ থেকে টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার ও ডাইভিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন বিকেএসপির ক্রীড়াবিদেরা।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।