ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি

বয়স ও অভিজ্ঞতার শর্ত পূরণ না করেই সাবেক পররাষ্ট্র উপদেষ্টার খাতিরে ভিসি হচ্ছেন ড. মামুন

১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ PM
বয়স ও অভিজ্ঞতার শর্ত লঙ্ঘন করেই আইইউটির ভিসি হচ্ছেন অধ্যাপক ড. মামুন বিন ইবনে রিয়াজ

বয়স ও অভিজ্ঞতার শর্ত লঙ্ঘন করেই আইইউটির ভিসি হচ্ছেন অধ্যাপক ড. মামুন বিন ইবনে রিয়াজ © টিডিসি সম্পাদিত

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য পদে নিয়োগ পেতে চলেছেন মালয়েশিয়া প্রবাসী ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের অধ্যাপক ড. মামুন বিন ইবনে রিয়াজ। ইতোমধ্যে তার নিয়োগপত্র ইস্যু করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমার শর্ত লঙ্ঘন করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির ভিসি হতে চলেছেন তিনি।

অভিযোগ, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুর রহমানের হস্তক্ষেপে গত ফেব্রুয়ারিতে ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের অধ্যাপক মামুন আইইউটির ভিসি নিয়োগের শীর্ষ তিন প্রার্থীর শর্টলিস্টে যুক্ত হন। এর আগে জানুয়ারিতে এই নিয়োগের চূড়ান্ত সাক্ষাৎকার হওয়ার কথা থাকলেও ওই সময়ে শর্টলিস্টে থাকা তিন প্রার্থীর ক্লিয়ারেন্স দেওয়া হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ফলে তাদের বাদ দেয় ওআইসি। পরে দ্য ডেইলি ক্যাম্পাসে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আটকে গেল আইইউটির ভিসি নিয়োগ, বাদ শর্টলিস্টেড ৩ প্রার্থী?’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে আগের তালিকার একজন নতুন শর্টলিস্টে জায়গা পান। গত ২৬ ফেব্রুয়ারি তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী পরিবারের সন্তান অধ্যাপক মামুন বিন ইবনে রিয়াজকে আইইউটির ভিসি হিসেবে নিয়োগের জন্য আগের শর্টলিস্টে থাকা শীর্ষ তিন প্রার্থীর ক্লিয়ারেন্স আটকে দেন তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা।

ড. মামুনকে ভিসি বানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘গুরুতর অনিয়ম’
আইইউটির বর্তমান ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলামের পদত্যাগজনিত কারণে পদটি শূন্য হওয়ার পর নতুন ভিসি নিয়োগের লক্ষ্যে ওআইসি গত বছরের ১৩ মে বৈশ্বিকভাবে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিটি আইইউটির ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেও ব্যাপক প্রচারিত হয়। পরে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে অনলাইন সাক্ষাৎকার গ্রহণ করে তিনজন যোগ্য প্রার্থীর একটি প্যানেল চূড়ান্ত করে ওআইসি। এই তিন প্রার্থীর চূড়ান্ত সাক্ষাৎকার সরাসরি গ্রহণের জন্য এ বছরের ৪ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দপ্তরে দিনক্ষণ নির্ধারণ করা হয়।

এ লক্ষ্যে ওআইসি কর্তৃপক্ষ হোটেল বুকিং, বিমান টিকেটসহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ক্লিয়ারেন্সের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানায়। ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রার্থীদের কাউকেই ক্লিয়ারেন্স দেয়নি। ফলে ঢাকা থেকে উড্ডয়নের দু’দিন আগে প্রার্থীরা জানতে পারেন তাদের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।

ওই সময় চূড়ান্ত সাক্ষাৎকারের তালিকায় ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ও বুয়েটের আরেক অধ্যাপক ড. সোহেল রহমান, এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি।

a367b7d5-136d-4c76-8df1-5e3126dccc3d
ওআইসির নিয়োগ বিজ্ঞপ্তিতে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ৫ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা এবং অন্যূন ৫৬ বছর বয়সের কথা উল্লেখ করা হয়েছে

জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর অনলাইনে সাক্ষাৎকার দেন প্রার্থীরা। ১১ নভেম্বর ওআইসির পক্ষ থেকে তাদেরকে চূড়ান্ত সাক্ষাৎকারের কথা জানানো হয়। ৩০ ডিসেম্বর জানানো হয় যে ৪ জানুয়ারি অনুষ্ঠেয় সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। আর এ বছরের ২০ জানুয়ারি ওআইসি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স না পাওয়ায় তাদেরকে এই পদের জন্য আর বিবেচনা করা হচ্ছে না।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) স্কুল অব ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সের ডিন হিসেবে ২০২৩ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। একটি সূত্র বলছে, দায়িত্ব পালনকালে ‘অসদাচরণজনিত কারণে’ তাকে বাদ দেওয়া হয়। এর আগে বেশ কিছু আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় (ইউকেএম) ছাড়তে হয়েছিল তাকে।

ওই সময় পররাষ্ট্র উপদেষ্টার একজন পছন্দের প্রার্থীর নাম আসে দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করা এই প্রার্থী অধ্যাপক ড. মামুন বিন ইবনে রিয়াজ। তিনি প্রথম শর্টলিস্টে ছিলেন না।

আরও পড়ুন: পুরোনো শর্টলিস্ট বাদ, নতুন করে যোগ দুজন: আইইউটির ভিসি নিয়োগ নিয়ে কী চলছে?

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রথমবারের চূড়ান্ত সাক্ষাৎকার স্থগিত হওয়ার পর আগের তালিকায় থাকা প্রার্থীদের বাদ দিয়ে আবেদনকারীদের মধ্য থেকে পুনরায় অনলাইন সাক্ষাৎকার নেয় ওআইসি। এর ভিত্তিতে গত ফেব্রুয়ারিতে নতুন শর্টলিস্ট তৈরি করা হয়। এতে জায়গা পান মামুন বিন ইবনে রিয়াজ। এই তালিকায় থাকা আরেক অধ্যাপকের পাশাপাশি আগের শর্টলিস্ট থেকে যুক্ত হন বুয়েট অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া। মূলত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই গুরুতর অনিয়মের বিষয়ে স্বনামে সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণেই অধ্যাপক সুলতানা রাজিয়াকে এই তালিকায় রাখা হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ২৬ ফেব্রুয়ারি সৌদি আরবের জেদ্দায় চূড়ান্ত সাক্ষাৎকার দেন এই তিন প্রার্থী।

বয়সের শর্ত লঙ্ঘন করেই ভিসি হচ্ছেন ড. মামুন, নেই অভিজ্ঞতা
গত বছরের ১৩ মে ওআইসি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণ চাহিদা হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘The candidate must be less than 56 years of age’, অর্থাৎ প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছর। আবেদনের জন্য সাধারণ শর্তে বলা হয়েছে, ‘The resume must include basic personal information, including birthdate, country of residence, marital status, number of children, nationality, years of work experience, and other relevant information’, অর্থাৎ জন্ম তারিখও আবেদনের সিভিতে উল্লেখ রাখার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

কিন্তু অধ্যাপক ড. মামুন বিন রিয়াজের ব্যক্তিগত ওয়েবসাইটে যুক্ত সিভি যাচাই করে দেখা গেছে, অধ্যাপক ড. মামুন বিন ইবনে রিয়াজ ১৯৬৩ সালের ৩০ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন। এ হিসেবে আবেদনের শেষ দিন ২০২৫ সালের ১২ জুন পর্যন্ত তার বয়স হয় ৬১ বছর ৫ মাস ১৩ দিন।

TDC 825x465 (32)
ওয়েবসাইট থেকে প্রাপ্ত ড. মামুনের সিভি, জন্ম তারিখ লেখা ৩০ ডিসেম্বর ১৯৬৩

নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘Substantial experience in a higher education leadership position’ থাকতে হবে। অভিজ্ঞতার শর্তে বলা হয়েছে, ‘A minimum of 10 (ten) years of experience in a related profession with at least 5 (five) years of senior-level leadership experience in higher education or supporting academic development.’ তবে অধ্যাপক মামুনের বায়োডাটা যাচাই করে দেখা গেছে, এর আগে তেমন প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার নেই। বর্তমানে ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসে অধ্যাপনার আগে ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) যোগ দিয়েছিলেন অধ্যাপক ড. মামুন বিন ইবনে রিয়াজ। সে সময় তিনি প্রতিষ্ঠানটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সের ডিন হিসেবে নিয়োগ পান। ২০২৩ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। তবে একটি সূত্র বলছে, দায়িত্ব পালনকালে ‘অসদাচরণজনিত কারণে’ তাকে বাদ দেওয়া হয়।

আরও পড়ুন: শিক্ষকের ‘শাসনে’ বিপর্যস্ত মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য

এর আগে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪ বছর ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় (ইউকেএম) কর্মরত ছিলেন অধ্যাপক মামুন বিন ইবনে রিয়াজ। এ সময় সিনিয়র লেকচারার থেকে প্রফেসর পদে উন্নীত হন তিনি। তবে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের একটি সূত্র বলছে, বেশ কিছু আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে ওই প্রতিষ্ঠান ছাড়তে হয়েছিল তাকে।

দীর্ঘদিনের রীতি ভেঙে প্রকৌশলের বাইরে যাচ্ছে আইইউটির ভিসি পদ, প্রশ্ন পিএইচডিতেও
নিয়োগপত্রে বলা হয়েছে, ‘The candidate must have at least PhD degree or equivalent degree from an accredited institution preferably in the areas of Engineering and Technology...।’ প্রতিষ্ঠানটির ইতিহাস ঘেঁটেও এই তথ্যের নজির মিলেছে। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে কেউ পূর্ণাঙ্গ প্রধান হিসিবে নিয়োগ পাননি।

ওআইসি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণ চাহিদা হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘The candidate must be less than 56 years of age’, কিন্তু অধ্যাপক ড. মামুন বিন রিয়াজের ব্যক্তিগত ওয়েবসাইটে যুক্ত সিভি যাচাই করে দেখা গেছে, তিনি ১৯৬৩ সালের ৩০ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন। এ হিসেবে আবেদনের শেষ দিন ২০২৫ সালের ১২ জুন পর্যন্ত তার বয়স হয় ৬১ বছর ৫ মাস ১৩ দিন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৯ সালে ইসলামিক সেন্টার ফর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ (আইসিটিভিটিআর) নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সে সময় এর পরিচালক নিযুক্ত হন প্রখ্যাত প্রকৌশলী ও বুয়েট অধ্যাপক ড. রফিকুদ্দিন আহমেদ। ১৯৮৭ সালে এর পরিচালক হন বুয়েটের তৎকালীন ভিসি অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারি। এ সময়ে আইসিটিভিটিআর ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) পরিণত হলে এর প্রথম মহাপরিচালক নিযুক্ত হন তিনি।

২০০১ সালে প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর এর ভিসি নিযুক্ত হন তৎকালীন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. এম. আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় ভিসি (২০০৩-২০০৮) অধ্যাপক ড. এম. ফজলে ইলাহীও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। পরবর্তী ভিসি (২০০৮-২০১৬) অধ্যাপক ড. মো. ইমতিয়াজ হোসেনও বুয়েটের একই বিভাগের শিক্ষক। ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত হন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। তিনি ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

TDC 825x465 (30)
ভারপ্রাপ্ত উপাচার্য ড. ওমর জাহ ছাড়া ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বাইরে আর কোনো ভিসি নিয়োগ দেওয়া হয়নি প্রতিষ্ঠানটিতে

পরদিন আইইউটির ভারপ্রাপ্ত ভিসি হিসেবে যোগ দেন গাম্বিয়ার প্রখ্যাত ধর্মীয় তাত্ত্বিক প্রফেসর ড. ওমর জাহ। তিনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না হলেও ধর্মীয় পাণ্ডিত্যে বিশ্বব্যাপী সমাদৃত ব্যক্তিত্ব। ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে তার। সাবেক এক ওআইসি মহাসচিবের উপদেষ্টা এবং জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্টও ছিলেন তিনি। ২০২০ সালের ৩১ আগস্ট পর্যন্ত তিনি আইইউটির ভারপ্রাপ্ত ভিসি হিসেবে তার দায়িত্ব পালন করেন।

তবে এবার প্রথমবারের মত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছাড়াই প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ ভিসি হতে যাচ্ছেন অধ্যাপক ড. মামুন বিন ইবনে রিয়াজ। সিভি যাচাই করে দেখা গেছে, অধ্যাপক ড. মামুন বিন ইবনে রিয়াজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ও ইলেক্ট্রনিক বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০৭ সালে জাপানের ইবারাকি ইউনিভার্সিটি থেকে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এদিকে ড. মামুনের অর্জিত পিএইচডি প্রশ্নবোধক বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন মালয়েশিয়ায় অবস্থানরত বেশ কয়েকজন বাংলাদেশি অধ্যাপক। তারা বলছেন, চৌর্যবৃত্তির কারণে তার পিএইচডি ডিগ্রি নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রার্থীরা গুরুতর অনিয়ম ও বৈষম্যের শিকার
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভিসি পদে আবেদন করেছিলেন এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলছেন, বিশেষ করে কোনো কারণ ছাড়াই তিনজন প্রখ্যাত অধ্যাপক ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্বরত ব্যক্তিদের ক্লিয়ারেন্স না দেওয়া এবং বয়সের শর্ত লঙ্ঘন করে একজনকে ভিসি হতে সুযোগ দেওয়া গুরুতর অনিয়ম। একই সঙ্গে এতে সবার সঙ্গে বৈষম্য করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওআইসির সার্কুলারে থাকা বয়সের শর্তের কারণে অনেকেই আবেদন করতে পারেননি, সেখানে ষাটোর্ধ্ব একজন ব্যক্তি ভিসি নিয়োগ হতে চলেছেন। তিনি বলেন, ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে সাবেক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে খাতিরে আজকে তিনি এ পর্যায়ে এসেছেন। তাকে ভিসি বানাতে তৎকালীন উপদেষ্টা প্রার্থীদের ক্লিয়ারেন্স দেননি। সে সময়ে শোনা কথাই পরবর্তীতে সত্য হয়েছে বলে দেখছি।

পররাষ্ট্র মন্ত্রণালয়

অপর এক প্রার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অধ্যাপক মামুন বিন রিয়াজ আওয়ামী পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর বাংলাদেশে এসে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে যোগ দেন। একই সঙ্গে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য লবিং করতে থাকেন। এরই মধ্যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে তার পরিকল্পনা ভেস্তে যায়। পরে অসদাচরণের দায়ে তাকে বাদ দেয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। এর আগে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়েও আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল।

‘ব্যক্তিগত বিষয়’, কথা বলতে চান না অধ্যাপক মামুন, মুখ খুলছে না দায়িত্বশীল কর্তৃপক্ষও
বয়সের শর্ত লঙ্ঘনসহ অন্যান্য অভিযোগের বিষয়ে জানতে অধ্যাপক ড. মামুন বিন ইবনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব বিষয়কে ‘ব্যক্তিগত বিষয়’ আখ্যা দেন। তিনি বলেন, আমি এখনও পর্যন্ত অ্যাপয়েনমেন্ট লেটার পাইনি, জানিও না যে আমি নিয়োগ পাচ্ছি কি পাচ্ছি না। আপনি তো এই আইইউটির জন্যই এসব বিষয় জানতে চাচ্ছেন, আমি এখনও এর কোনো পদে অধিষ্ঠিত হইনি। আর যতক্ষণ আমি কোনো পদে অধিষ্ঠিত হচ্ছি, ততক্ষণ এসব আমার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয়ে আমি কোনো কথা বলব না।

নিয়োগ বিজ্ঞপ্তির ‘জেনারেল রিকোয়ারমেন্টস’ অনুযায়ী এই নিয়োগের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘To be either nominated by their State or the State should have no objection to the candidate's appointment. A letter of no objection issued by the competent governmental authority shall be requested upon the final selection of the candidate to fill the position.’

আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ক্লিয়ারেন্সের বিষয়টি দেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগ। এ বিষয়ে অনুবিভাগের সচিব এম. ফরহাদুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অনুবিভাগের মহাপরিচালক সঞ্চিতা হক ছুটিতে রয়েছেন। পরিচালক শায়লা শামা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলমের সঙ্গে কথা বলতে বলেন। তবে এস এম মাহবুবুল আলম এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

ওআইসির সার্কুলারে থাকা বয়সের শর্তের কারণে অনেকেই আবেদন করতে পারেননি, সেখানে ষাটোর্ধ্ব একজন ব্যক্তি ভিসি নিয়োগ হতে চলেছেন। তিনি বলেন, ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে সাবেক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে খাতিরে আজকে তিনি এ পর্যায়ে এসেছেন। তাকে ভিসি বানাতে তৎকালীন উপদেষ্টা প্রার্থীদের ক্লিয়ারেন্স দেননি। সে সময়ে শোনা কথাই পরবর্তীতে সত্য হয়েছে বলে দেখছি— নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী

তবে গত ২৪ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ওআইসি কোনো সময়সীমা বেঁধে না দেওয়ায় প্রথমবার ক্লিয়ারেন্স দিতে দেরি হয়। শুধু এটুকুই নয়, ৪ জানুয়ারি কিংবা গত ২৬ ফেব্রুয়ারি প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে— এ বিষয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়নি ওআইসি। পরে দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এলে দ্রুত ক্লিয়ারেন্স জমা দেওয়া হয়।

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের পছন্দের প্রার্থীর বিষয়ে জানতে চাইলে ওই সময় তিনি বলেন, বিষয়টি সঠিক নয়। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা সব সময় নির্মোহ থাকতেন। আমরা গোয়েন্দা প্রতিবেদন যেমন পেয়েছি, তেমনটাই ওআইসিকে পাঠিয়েছি। কারো ব্যাপারে কোনো সুপারিশ করা হয়নি।

সার্বিক বিষয়ে জানতে ইসলামি সহযোগী সংস্থা-ওআইসির পার্সোনেল শাখার প্রধান ড. সাইফ নাইফ আলহারবিকে ই-মেইল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬