আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজের শিক্ষকরা।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) জনবল-অবকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করবে শিক্ষকরা। আগামী ৪ ডিসেম্বর থেকে এই কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম।
আজ রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের আহবায়ক নেকবার হোসাইন বলেন, বেসরকারি কলেজের শিক্ষকরা নামে মাত্র বেতন পান। অনেক ক্ষেত্রে আবার কোন কলেজ শিক্ষকদের বেতনও দেয়া হয় না। ফলে শিক্ষকরা দীর্ঘকাল ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল অবকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন করে বেসরকারি শিক্ষকদের এমপিও অন্তর্ভুক্ত করা না হলে শিক্ষকদের আত্মহত্যা ছাড়া অন্য কোন উপায় থাকবে না। তাই শিক্ষকরা নিরুপায় হয়ে লাগাতার অবস্থান কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, সরকার এনটিআরসিএ’র মাধ্যমে বেসরকারি শিক্ষকদের নিয়োগের কথা বললেও জাতীয় বিশ্ববিদ্যালয় তার কোন তোয়াক্কা করে না। এর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ কর্তৃপক্ষের যোগসাজশও রয়েছে বলে অভিযোগ করেন।
সদস্য সচিব মো. মেহরাব আলী বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে বেসরকারি কলেজের শিক্ষকরা বঞ্চনার শিকার হচ্ছেন। তারা কেউ ২৫০০ টাকাও বেতন পান না। বর্তমান সময়ে এই টাকা দিয়ে একটি পরিবার কীভাবে চলে তা আপনারাই ভাল বলতে পারবেন। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে।
তাই আগামী ৪ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচী সফল করার জন্য সকল শিক্ষকদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার আহবান জানান তিনি। এছাড়া একইদিন দেশের প্রতিটি জেলায় মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হবে। একইসঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক কর্মসূচী চলবে।