ভারত

মণিপুরে ফের উত্তেজনা, ৩১ অক্টোবর মহাসমাবেশ

৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ AM
মণিপুরে নতুন করে উত্তেজনা, প্রতীকী ছবি

মণিপুরে নতুন করে উত্তেজনা, প্রতীকী ছবি © সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘদিনের জাতিগত সংঘাতের অবসান, কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে হওয়া সংঘর্ষবিরতি চুক্তি বাতিল এবং বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) রাজধানী ইম্ফলে মহাসমাবেশের ডাক দিয়েছে একাধিক সংগঠন। কর্মসূচিতে সমর্থন জানিয়েছে নাগা জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনও।

দেশটির সংবাদমাধ্যম নর্থইস্ট টুডের প্রতিবেদনে বলা হয়েছে, কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি (কোকোমি) এবং কয়েকটি আদিবাসী সংগঠন যৌথভাবে এ মহাসমাবেশের আয়োজন করছে। আয়োজকদের মধ্যে রয়েছে জয়েন্ট ট্রাইব কাউন্সিল, নাগা হিউম্যানিটারিয়ান এইড কমিটি, ফুটহিলস নাগা কো-অর্ডিনেশন কমিটি এবং নাগা পিপলস ইউনিয়ন।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ইম্ফলের তিদ্দিম গ্রাউন্ড থেকে মিছিল শুরু হয়ে থাংমেইবান্দের থাউ গ্রাউন্ডে গিয়ে শেষ হবে। সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মহাসমাবেশ থেকে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে হওয়া সাসপেনশন অব অপারেশনস (এসওও) চুক্তি বাতিল, রাজ্য থেকে আসাম রাইফেলস প্রত্যাহার, চলমান সংঘাতের অবসান এবং বাস্তুচ্যুত মানুষদের নিজ নিজ এলাকায় পুনর্বাসনের দাবি জানানো হবে।

এদিকে ইউনাইটেড নাগা কাউন্সিল (ইউএনসি) মহাসমাবেশের প্রতি সংহতি জানিয়েছে। সংগঠনটি ৩১ অক্টোবর সকাল ১১টা থেকে নাগা অধ্যুষিত জেলাগুলোর সদর দপ্তরেও অবস্থান কর্মসূচি ও সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে। আসাম রাইফেলসের পরিবর্তে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) অথবা অন্য কোনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছে তারা। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য প্রিন্ট।

এদিকে কাংপোকপি জেলার সিংদাই এলাকায় শতাধিক বাস্তুচ্যুত ব্যক্তি এবং কুকি-জো নারীরা তিন কুকি ব্যক্তির নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন। খোংজাল এলাকায় তিন মেইতেই কাঠুরিয়ার মৃত্যুর ঘটনায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কুকি-জো কাউন্সিল রাজ্যে পৃথক প্রশাসনের দাবিও জোরালো করেছে। সংগঠনটির দাবি, ২০২৩ সালের মে মাসে সংঘাত শুরুর পর থেকে আড়াইশোর বেশি কুকি-জো মানুষ নিহত এবং ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করা ও রাজনৈতিক সংলাপে অগ্রগতি না হলে কুকি-জো বিধায়কদের সরকার থেকে সরে আসার আহ্বান জানানো হতে পারে বলেও সংগঠনটি জানিয়েছে।

রাজনৈতিক উত্তেজনার মধ্যে নাগা উপমুখ্যমন্ত্রী লোসি দিখোর মন্তব্যও নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি অভিযোগ করেছেন, সহ-উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেনের স্বামীর নেতৃত্বাধীন কুকি ন্যাশনাল ফ্রন্ট ছয় নাগা ব্যক্তির হত্যাকাণ্ডে জড়িত ছিল। তাঁর দাবি, আটজন নাগা বিধায়ক নেমচা কিপগেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় ইম্ফল সফর করেছেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) মহাপরিচালক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শান্তি ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। পরে আসাম রাইফেলসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরার সঙ্গেও তাঁর বৈঠক হয়। দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তাঁরা।

২০২৩ সালের ৩ মে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত শুরুর পর থেকে মণিপুরে দফায় দফায় সহিংসতা, প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। এর মধ্যে নতুন করে বিভিন্ন জনগোষ্ঠীর সংগঠনগুলোর বিক্ষোভের কর্মসূচি রাজ্যের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

দুদকে ফিরেছেন প্রভাবশালীদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে চাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
শাহবাগে বিকেলে গণবিক্ষোভ করবে এনসিপি
  • ৩০ অক্টোবর ২০২৬
জাতীয় বেতন স্কেলের পে ফিক্সেশনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
  • ৩০ অক্টোবর ২০২৬
বাংলাদেশের টেস্টসহ টিভিতে আজকের যত খেলা
  • ৩০ অক্টোবর ২০২৬
সম্ভাবনার ক্যাম্পাস, সংকটের বাস্তবতা, শিক্ষার্থীদের আক্ষেপ …
  • ৩০ অক্টোবর ২০২৬
নকলে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, স্কুলছাত্র বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬