দুই ছাত্রনেতার বহিষ্কারের প্রতিবাদে জাবিতে গ্রাফিতি © সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দুই দিনব্যাপী গ্রাফিতি অঙ্কণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। রবিবারও এ কর্মসূচি অব্যাহত ছিল। ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
বহিষ্কৃত ছাত্র ইউনিয়নের জাবি সংসদের (একাংশ) সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলেন, ‘গ্রাফিতি প্রতিবাদের ভাষা হিসেবে একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক হাতিয়ার। গ্রাফিতি প্রতিবাদের ভাষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুধাবন করতে পারে। সেই তাগিদ থেকেই বিভিন্ন সময়ে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কণ করা হয়। চলমান ধর্ষণবিরোধী আন্দোলনের সেই ধারা অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।’
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পেছনে, পুরাতন কলাভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের বাইরের দেয়ালে বিভিন্ন প্রতিবাদী গ্রাফিতি অঙ্কণ করা হয়েছে। গ্রাফিতিতে লেখা ‘অমর্ত্য-ঋদ্ধর বহিষ্কার প্রত্যাহার কর।
ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সহ-সভাপতি আশফার রহমান নবীন বলেন, বঙ্গবন্ধু একটি ক্ষয়ে যাওয়া গ্রাফিতি মুছে ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী গ্রাফিতি আঁকায় ছাত্র ইউনিয়নের দু’জন নেতাকে নিয়মবহির্ভূতভাবে বহিষ্কার ও মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তিনি বলেন, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা দুই দিনব্যাপী গ্রাফিতি আঁকার মাধ্যমে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে।