সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল © সংগৃহীত
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকার আদাবরে পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
এর আগে, ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা মামলায় ২০২৫ সালের ২৫ জুন কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এক বছরেরও বেশি সময় পর গত ৯ সেপ্টেম্বর সাবেক এই সিইসির জামিন আবেদন মঞ্জুর করেন উচ্চ আদালত।
তবে এর মধ্যেই গত ২৮ সেপ্টেম্বর রুবেল হত্যা মামলায় কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আদাবর এলাকায় আন্দোলনকারীরা মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক রুবেল।
এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট আদাবর থানায় হত্যা মামলা করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।