নবম জাতীয় পে স্কেল © ফাইল ছবি
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সরকারি চাকরিজীবীদের বেতন অনলাইনে কীভাবে নির্ধারণ করা হবে, সে পদ্ধতির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে অনলাইনে বেতন নির্ধারণ পদ্ধতি নিয়ে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল, ২০২৬ জারি হইবার পর সরকারি কর্মচারীগণ অনলাইনে তাঁহাদের বেতন নির্ধারণের জন্য iBAS++ সিস্টেমে (www.ibas.finance.gov.bd) লগইন করিয়া Pay Fixation অপশনে নিজ বেতন নির্ধারণের জন্য নির্ধারিত ছক পূরণ করিবেন, তবে, কোনও সরকারি কর্মচারী পূর্বেকার www.payfixation.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করিলেও তিনি স্বয়ংক্রিয়ভাবে iBAS++ সিস্টেম-এর Pay Fixation অপশনে পৌঁছাইবেন (ল্যান্ডিং)।
iBAS++ সিস্টেমে লগইন করিবার জন্য গেজেটেড সরকারি কর্মচারী তাঁহার iBAS++ লগইন ইউজার আইডি ও পাসওয়ার্ড এবং নন-গেজেটেড সরকারি কর্মচারী তাঁহার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করিবেন, এই ক্ষেত্রে সরকারি কর্মচারীর iBAS++ এ নিবন্ধিত মোবাইল নম্বরে (দেশের বাহিরে অবস্থানরতদের ক্ষেত্রে iBAS++ এ নিবন্ধিত ইমেইলে) প্রেরিত একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করিয়া সিস্টেমে প্রবেশ করিতে হইবে।
কোনও কর্মচারীর জাতীয় পরিচয়পত্র না থাকিলে, বেতন নির্ধারণের পূর্বে জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন সম্পন্ন করিতে হইবে, একইভাবে, কোনও কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ তাঁহার চাকরির রেকর্ডের জন্মতারিখ হইতে ভিন্ন হইলে বেতন নির্ধারণের পূর্বে আবশ্যিকভাবে চাকরির রেকর্ডে উল্লিখিত জন্মতারিখের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন করিতে হইবে।
iBAS++ সিস্টেমে লগইন করিবার পর বেতন নির্ধারণের জন্য নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পূরণ করিয়া ড্রইং এন্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও) বরাবর সাবমিট করিলে কর্মচারীর নিবন্ধিত মোবাইল নম্বরে বেতন নির্ধারণী বিবরণী সাবমিশন হইয়াছে মর্মে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস প্রেরিত হইবে। নির্ধারিত ছকে সঠিকভাবে তথ্যাদি এন্ট্রি করিবার পর ডিডিও বরাবরে সাবমিশনের পূর্বেই স্বয়ংক্রিয়ভাবে নতুন বেতনস্কেলে সংশ্লিষ্ট কর্মচারীর নির্ধারণযোগ্য মূল বেতনের পরিমাণ প্রদর্শিত হইবে।
ডিডিও প্রত্যেক গেজেটেড সরকারি কর্মচারীর বেতন নির্ধারণী বিবরণী হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ড করিবেন, নন-গেজেটেড সরকারি কর্মচারীর ক্ষেত্রে সার্ভিস বহি অনুযায়ী বেতন নির্ধারণী ছকে চাকরি ও বেতনের পূর্ববর্তী তথ্যাদি ডিডিও সঠিকভাবে লিপিবদ্ধকরণ নিশ্চিত করিয়া হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ড করিবেন, ডিডিও iBAS++ সিস্টেম হইতে বেতন নির্ধারণী বিবরণীর এক কপি প্রিন্ট করিয়া সার্ভিস বহিসহ হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করিবেন।
আরও খবর: পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কোন গ্রেডে বেতন বাড়ল কত?
অনলাইনে দাখিলকৃত বেতন নির্ধারণী বিবরণী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাওয়া যাইবে, হিসাবরক্ষণ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী প্রাপ্ত বেতন নির্ধারণী বিবরণী অনলাইনে যাচাই করিয়া সঠিক প্রতীয়মান হইলে তাহা অনলাইনে প্রতিপাদন করিবেন, হিসাবরক্ষণ অফিস কর্তৃক অনুমোদনের পর স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন নম্বর জেনারেটেড হইবে এবং বেতন নির্ধারণী বিবরণীতে হিসাবরক্ষণ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর ম্যানুয়াল স্বাক্ষর প্রয়োজন হইবে না ।
হিসাবরক্ষণ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী বেতন নির্ধারণ অনুমোদনকালে ডিডিও কর্তৃক সম্পাদিত এন্ট্রি যাচাইপূর্বক সার্ভিস বহিতে ভেরিফিকেশন নম্বর ও নির্ধারিত বেতন লিপিবদ্ধ করিয়া স্বাক্ষর করিবেন, গেজেটেড কর্মকর্তার ক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী অনলাইনে বেতন নির্ধারণ অনুমোদনকালে নির্ধারিত বেতন ও ভেরিফিকেশন নম্বর অডিট রেজিস্টারের মানি- কলামে লিপিবদ্ধ করিয়া স্বাক্ষর করিবেন।
অনলাইনে বেতন নির্ধারণ সংক্রান্ত বিস্তারিত ব্যবহার নির্দেশিকা আলাদাভাবে প্রকাশ করা হইয়াছে, যাহা iBAS++ লগইন পেইজ (www.ibas.finance.gov.bd), অর্থ বিভাগের ওয়েবসাইট (www.mof.gov.bd), হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট (www.cga.gov.bd) এবং পে-ফিক্সেশন ওয়েবসাইট (www.payfixation.gov.bd) এ পাওয়া যাইবে।
সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস চূড়ান্তভাবে প্রতিপাদনকৃত ‘বেতন নির্ধারণী বিবরণী'-এর ভিত্তিতে বেতন পরিশোধ করিবে এবং এই প্রক্রিয়ায় কম বা বেশি বেতন পরিশোধ হইয়া থাকিলে তাহা সমন্বয়যোগ্য হইবে।
নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন দেখুন এখানে।