পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ PM
 বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের এল এলাকায় নতুন করে বসতি নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি নির্মাণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশ বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সরাসরি লঙ্ঘন এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে।

বাংলাদেশ বলেছে, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়, বরং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতাকেও ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি এটি একটি কার্যকর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করছে।

ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে—এমন কর্মকাণ্ড ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরালো করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সংগত, পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের আরও ৪৫ সহকারী শিক্ষককে বদলি, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬