যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক © সংগৃহীত
প্রশ্নপত্র ফাঁস হওয়ায় শেষ মুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করতে হয়েছে। এবার সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা সামনে রেখে এটা করছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রশ্নপত্র তৈরির কাজ চলছিল। প্রতিমন্ত্রীর সঙ্গে সেখানে অবস্থান করছিলেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
জানা যায়, প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত সেখানেই থাকবেন তিনি। রাতে ঘুমানোর প্রয়োজন হলে ঘুমাবেন নিজের দপ্তরে।
আগামীকাল দুপুর তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী। গত শনিবার প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত হওয়ার পর নতুন এই তারিখ নির্ধারণ করা হয়।
প্রতিমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, প্রশ্নপত্র যাতে কোনোভাবেই ফাঁস না হয়, সে জন্য পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত সচিবালয়ে অবস্থান করবেন প্রতিমন্ত্রী। রাতে বিশ্রাম বা ঘুমানোর প্রয়োজন হলে নিজের দপ্তরেই থাকবেন তিনি।
প্রশ্নপত্র প্রণয়নের কাজ তদারক করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তারাও সচিবালয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।