হামজা চৌধুরী © সংগৃহীত
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কত্ব যেন ‘মিউজিক্যাল চেয়ার’। যদিও অধিনায়কত্ব ইস্যুতে এই বালিশ খেলা নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছে। দীর্ঘ সময় ধরে জামাল ভূঁইয়া লাল-সবুজ শিবিরের নেতৃত্ব দিলেও তার অনুপস্থিতিতে কখনো সোহেল রানা, আবার কখনো তপু বর্মণের হাতে অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে। ঢাকায় চলমান সাফ চ্যাম্পিয়নশিপেও এর ব্যত্যয় ঘটছে না।
মহাদেশীয় এই টুর্নামেন্ট শুরুর আগে জামালকেই অধিনায়ক ভাবলেও ম্যাচের আগেই বদলে যায় পাশার গুটি। শেষ পর্যন্ত তপুকে দেওয়া হয়ে নেতৃত্বের গুরুদায়িত্ব। তবে ম্যাচ শুরুর আগে একদম শেষ মুহূর্তে চোটের কারণে ভুটানের বিপক্ষে তিনি খেলতে না পারায় জামালই অধিনায়কত্ব করেন।
এমন পরিস্থিতিতে হামজা চৌধুরীর মতো অভিজ্ঞ ও তারকা ফুটবলারের কাঁধেই এই দায়িত্ব দেওয়ার বিষয়টি বারবার উঠে আসছে। এই দায়িত্ব পেলে যে তিনিও যে পিছিয়ে থাকবেন না, সেটিও স্পষ্ট করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) মাতানো এই ফুটবলার।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার (১০ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করছে বাংলাদেশ দল। যেখানেই বিষয়টি নিয়ে খোলাসা করেছেন তিনি। তবে অধিনায়কত্ব ইস্যুতে কোচের কোর্টেই বল ছুঁড়েছেন হামজা। তার দাবি, ‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’
হামজা বলেন, ‘দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন। বাংলাদেশের হয়ে আমি এখনো ১৫টির কম ম্যাচ খেলেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দলের সবাই যেন একই চিন্তা নিয়ে এগোতে পারে। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ অনেকটা পরিবারের মতো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব।’
এদিকে অধিনায়কত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও আপাতত সাফের শিরোপা জয়েই পুরোপুরি মনযোগ সবার। ২০০৩ সালের পর কখনোই মহাদেশীয় শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে সেই শিরোপাই ছুঁয়ে দেখতে চান হামজা।
হামজা বলেন, ‘বাংলাদেশ ২৩ বছর ধরে সাফ শিরোপা জেতেনি। ইনশা আল্লাহ, এবার আমরা শিরোপা দেশে ফিরিয়ে আনতে পারব।’
আত্মবিশ্বাসী হামজার ভাষ্য, ‘আমার মনে হয়, বাংলাদেশই ফেবারিট। অন্তত আমি তা-ই মনে করতে চাই।’
উল্লেখ্য, ইতোমধ্যেই সাফের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে স্বাগতিকেরা। ওই ম্যাচটি জিতলে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে খেলবে স্বাগতিকরা।