ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর তরুণ ফুটবলার রদ্রিগো মোরার সামনে পর্তুগাল জাতীয় দলের ৭ নম্বর জার্সি পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। তবে সেই সুযোগ নিতে রাজি নন পোর্তোর এই প্রতিভাবান ফুটবলার। তার মতে, রোনালদোর ৭ নম্বর জার্সির উত্তরাধিকার বহন করা অনেক বড় দায়িত্ব। বরং নিজের বর্তমান ৮৬ নম্বর জার্সিতেই সন্তুষ্ট তিনি।
২০০৭ সালে জন্ম নেওয়া মোরার সাম্প্রতিক মাসগুলোতে রোনালদোর সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ হয়েছিল। আন্তর্জাতিক ফুটবল থেকে পর্তুগালের অধিনায়কের বিদায়ের আগে তার সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন এই তরুণ।
ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোরার বক্তব্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম ‘ত্রিবুনা’।
মোরা বলেছেন, ‘ক্রিশ্চিয়ানোর সঙ্গে খেলার এবং তার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান। তিনি সবার আদর্শ। তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। পর্তুগালের হয়ে তিনি যা কিছু দিয়েছেন, তার জন্য দেশ তার কাছে অনেক কৃতজ্ঞ।’
তবে রোনালদোর ৭ নম্বর জার্সি পরার প্রসঙ্গ উঠতেই হাসিমুখে নিজের অবস্থান পরিষ্কার করেন মোরা।
তিনি বলেন, ‘না, না, না। আমি এসব নিয়ে ভাবছি না। এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব। ৮৬ নম্বর জার্সিই আমার জন্য মানানসই।’
মোরার এমন সিদ্ধান্তের পেছনে কারণও স্পষ্ট। পর্তুগালের জার্সিতে রোনালদো রেখে গেছেন অসাধারণ এক উত্তরাধিকার। দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ২০১৬ সালে পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছেন তিনি। এ ছাড়া তার নেতৃত্বে দুটি নেশনস লিগের শিরোপাও জিতেছে পর্তুগাল। স্বাভাবিকভাবেই রোনালদোর সঙ্গে নিজের তুলনার চাপ নিতে চান না মোরা।
পর্তুগিজ ফুটবলের অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবে বিবেচিত এই তরুণ পোর্তোর একাডেমি থেকেই উঠে এসেছেন। ধীরে ধীরে ক্লাবটির মূল দলেও নিজের জায়গা শক্ত করছেন তিনি। অনেকের প্রত্যাশা, ভবিষ্যতে পর্তুগাল জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবেন মোরা। তবে আপাতত রোনালদোর ৭ নম্বর জার্সির ভার নিতে চান না এই তরুণ।