পিটার বাটলার © সংগৃহীত
সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রধান কোচ পিটার বাটলারের গুরুতর অসুস্থতায় আসন্ন সিরিজে তার থাকা নিয়ে অনিশ্চয়তা জেগেছে।
বর্তমানে চিকিৎসার জন্য নিজ দেশ ইংল্যান্ডে অবস্থান করছেন ৬০ বছর বয়সী এই ইংলিশ কোচ। ইংল্যান্ডে ফেরার পরই বাফুফেকে তিনি জানিয়েছিলেন, এই সিরিজে পাওয়া যাবে না তাকে। যদিও তার শারীরিক অবস্থা ও মেডিকেল প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এদিকে বাফুফের একটি সূত্রের দাবি, লিভারের জটিল রোগে (ক্যানসার) আক্রান্ত বাটলার। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
জানা গেছে, বাটলারের চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পরপরই পরবর্তী সিদ্ধান্ত নেবে বাফুফে। তবে প্রস্তুতি থামিয়ে রাখতে চাইছে না তারা। বিকল্প কোচের সন্ধানে এরই মধ্যে ফ্রান্সের একজন কোচের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফেডারেশনটি।
অন্যদিকে, প্রধান কোচ বাটলারের অনুপস্থিতিতে দলের অনুশীলন ও সার্বিক কার্যক্রমের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। আপাতত হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাটলারের দেওয়া নির্দেশনা অনুসরণ করেই দলের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন তারা। ফলে সরাসরি উপস্থিত না থাকলেও দূর থেকেই দলের প্রস্তুতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন প্রধান কোচ।
আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে নিবিড় অনুশীলনের লক্ষ্যে গত ৩০ অক্টোবর ৪৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে চট্টগ্রামে ক্যাম্প শুরু করেছে লাল-সবুজেরা। আগামী ১৬ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে দলটির। এরপর ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করবেন ফুটবলাররা। ফাইনালের পর ১৯ নভেম্বর থেকে একই ভেন্যুতে আবারও নিয়মিত অনুশীলনে ফিরবে দল।