আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ © সংগৃহীত
চেলসি ও এভারটনের ম্যাচে ভয়াবহ সংঘর্ষে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। শনিবার (১৭ অক্টোবর) প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষের পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
চেলসির গোলমুখে একটি সেট পিসের সময় বলের দখল নিতে গিয়ে মার্টিনেজ ও ব্র্যান্থওয়েটের মাথায় সংঘর্ষ হয়। এ সময় দ্রুত মাঠে ছুটে যান চিকিৎসকেরা। প্রায় আট মিনিট ধরে মাঠেই মার্টিনেজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
একপর্যায়ে মার্টিনেজের ঘাড় স্থির রাখতে মেডিক্যাল ব্রেস পরানো হয় এবং তাকে অক্সিজেন দেওয়া হয়। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
মাঠ ছাড়ার সময় মার্টিনেজ সচেতন ছিলেন বলে জানা গেছে। তবে তার চোটের ধরন ও শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর তার চোটের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এই ঘটনার কারণে প্রায় ১০ মিনিট বন্ধ থাকে ম্যাচ। পরে মার্টিনেজের পরিবর্তে এভারটনের গোলপোস্ট সামলাতে মাঠে নামেন বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্স।