মেসি-কাণ্ডে টাকা ফেরত পাবেন দর্শকরা

৩০ আগস্ট ২০২৬, ০৩:৩৬ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

লিওনেল মেসিকে একনজর দেখতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে জড়ো হয়েছিলেন হাজারো ভক্ত। কিন্তু প্রিয় তারকাকে ঘিরে সেই আয়োজন শেষ পর্যন্ত পরিণত হয় চরম বিশৃঙ্খলায়। মাঠে ভাঙচুর, বিক্ষোভ ও অব্যবস্থাপনার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। এবার সেই ক্ষোভ প্রশমনে বড় উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মেসির ওই অনুষ্ঠানের টিকিট কেনা প্রায় ৩৩ হাজার দর্শককে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর আয়োজন করা হয়েছিল। তবে মাঠে কর্মকর্তা ও অতিথিদের অতিরিক্ত ভিড়ে অনেক দর্শক মেসিকে ঠিকমতো দেখার সুযোগ পাননি। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকদের একাংশ ভাঙচুরে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাত্র ২০ মিনিটের মতো স্টেডিয়ামে অবস্থান করে মেসিকে সেখান থেকে বের করে নেওয়া হয়।

অনুষ্ঠানের জন্য অনেক দর্শক ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। প্রিয় তারকাকে ঠিকমতো দেখতে না পাওয়ায় সেদিন থেকেই টিকিটের মূল্য ফেরতের দাবি জানিয়ে আসছিলেন তারা।

ভারতের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে ৩৩ হাজার দর্শকের টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘মেসির বিপুল ভক্ত রয়েছে। তাঁরা ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, এই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর দেওয়া টাকা যেন ফেরত দেওয়া হয়। এ নিয়ে আমি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, আমি এটা করতে পারব।’

ঘটনার পর তৎকালীন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়। পাশাপাশি বিধাননগর নগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকে বরখাস্ত করা হয়। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তর বিরুদ্ধেও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। পরে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ৩৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

জেল থেকে বের হওয়ার পরই তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন শতদ্রু। তার দাবি, সেদিনের বিশৃঙ্খলার জন্য আয়োজকেরা দায়ী নন; বরং তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের গাফিলতিই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার অন্যতম কারণ।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬