বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট

১২ আগস্ট ২০২৬, ০৮:০০ PM
লিওনেল মেসি ও হোর্হে মেসি

লিওনেল মেসি ও হোর্হে মেসি © সংগৃহীত

গত জুলাইয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লিওনেল মেসির। সেই শোক কাটিয়েই ইন্টার মায়ামির শিবিরে ফিরেছিলেন আর্জেন্টাইন এই জাদুকর। কিন্তু এবার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটাই খেয়েছেন মাঠের বাইরে। ৬৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মেসির বাবা হোর্হে মেসি।

ছোটবেলা থেকেই মেসির ফুটবলার হয়ে ওঠার গল্পের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে ছিলেন তার বাবা। ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, প্রতিটি সাফল্য-ব্যর্থতায় তার পাশে ছিলেন হোর্হে মেসি।

বাবাকে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক হৃদয়বিদারক বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন মেসি। সেখানে তিনি তুলে ধরেছেন বাবার সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি, প্রতিদিনের কথোপকথন এবং না বলা কথাগুলোর শূন্যতা। শেষ বিশ্বকাপটি খেলার জন্য বাবার জেদের কথাও স্মরণ করেছেন তিনি। বিশ্বকাপ জয়ের পর ট্রফিটি বাবার হাতে তুলে দিতে না পারার আক্ষেপও যেন তার কথায় স্পষ্ট হয়ে উঠেছে।

বাবার প্রয়াণের পর তার আবেগঘন কথাগুলোয় ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়েও এক ধরনের সংশয় ও অনিশ্চয়তার আভাস মিলেছে। ফলে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, জীবনের সবচেয়ে বড় বটবৃক্ষকে হারিয়ে কি তবে বুট জোড়া তুলে রাখার কথা ভাবছেন লিওনেল মেসি? অবশ্য মেসি এখনই অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাই তার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

মেসি লিখেছেন, ‘তুমি ছাড়া আমি কী করব জানি না, কীভাবে সামনে এগোব বুঝতে পারছি না। আমি শুধু ফুটবল খেলতাম এবং এখন আমার যথেষ্ট সংশয় আছে যে আমি আর বেশি দিন খেলা চালিয়ে যাব কি না। শুরু থেকেই তুমি আমার পাশে ছিলে, অথচ শেষের মোটে একটুখানি বাকি ছিল। তুমি আর একটুখানি সময় টিকতে পারলে না কেন, যাতে আমরা একসঙ্গে শেষ করতে পারতাম।’

পুরোনো দিনগুলোর কথা মনে করে ৩৯ বছর বয়সী মহাতারকা লিখেছেন, ‘আমি জানি তোমার আনন্দ ছিল নিজের পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তানদের সুস্থ থাকা দেখতে এবং সবার অজান্তে—গোপনে—আমাকে খেলতে দেখতে...। ছোটবেলা থেকেই সবসময় এমনটাই ছিল। কাজ থেকে ফিরেই তুমি আমাকে সব অনুশীলনে নিয়ে যেতে। কাজের ব্যস্ততার কারণে অনেকটিতে আমাকে মা নিয়ে যেত।’

বাবা নামক অভিভাবককে হারানোর বেদনা প্রকাশ করে মেসি আরও লিখেছেন, ‘তুমি ছিলে বাবা, বন্ধু এবং এজেন্ট। প্রতিটা মুহূর্তে তোমার ঠিক যে মানুষটি হওয়া উচিত ছিল, তুমি ঠিক তাই ছিলে এবং কখনো কোনো ভুল করোনি। কিছু অভিযোগ বা ঝগড়াঝাঁটি বাদ দিলে, তুমি সবসময়ই সঠিক হতে। শেষ পর্যন্ত তোমার কথাই ঠিক প্রমাণিত হতো।’

শোককে শক্তিতে রূপান্তর করে নিজের সন্তানদের ঠিক সেই মূল্যবোধেই বড় করার প্রত্যয় ব্যক্ত করে মেসি যোগ করেন, ‘তোমাকে খুব মিস করব, কিন্তু তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে, বিশেষ করে আমার বাচ্চাদের লালন-পালন ও শিক্ষায়, কারণ আমি ঠিক সেভাবেই তাদের শিক্ষা দিই যেভাবে তোমরা আমাকে দিয়েছিলে।’

মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬
নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯
  • ১২ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী, আবেদন ৫ সে…
  • ১২ আগস্ট ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা হলে সেটি নিয়মবহির্ভূত: …
  • ১২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬