কুইন সুলিভান-লিওনেল মেসির মাথা ঠুকাঠুকি © সংগৃহীত
ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি ও সতীর্থ ইয়ানিক ফ্রে-কে পৃথক ঘটনায় জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।
গত বুধবার রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে প্রতিপক্ষের মাথা ও ঘাড়ের এলাকায় হাত দেওয়ার ঘটনায় তাদের জরিমানা করা হয় বলে শুক্রবার জানিয়েছে এমএলএস।
ম্যাচে ইউনিয়নের কুইন সুলিভানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার ঘাড়ের পেছনে হাত দিয়ে চড় মারেন মেসি। ওই ম্যাচে মেসি একটি গোলের পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন। বাবার মৃত্যুর পর এটিই ছিল তার প্রথম গোল।
অন্যদিকে, সুলিভানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে জরিমানা গুনতে হচ্ছে ফ্রেকেও। পেনাল্টি এলাকায় ড্রিবল করার সময় সুলিভান পড়ে গেলে তার সঙ্গে ফ্রের জটলা বাধে। এরপর ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলেন। পরে সুলিভান উঠে এসে ফ্রেকে ট্যাকল করেন।
ম্যাচের শেষদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অফ দ্য বল সংঘর্ষে জড়িয়ে মায়ামির ইয়ানিক ব্রাইট এবং সুলিভানের ভাই ক্যাভান সুলিভান লাল কার্ড দেখেন।
তবে শুক্রবার ক্যাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমএলএস। লিগের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে তার শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, বুধবার আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে ‘এমবেলিশমেন্ট’ বা ফাউল পাওয়ার জন্য অতিরঞ্জিতভাবে প্রতিক্রিয়া দেখানোর অভিযোগে মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করা হয়েছে।