ফের একসঙ্গে খেলতে যাচ্ছেন মেসি-ডি মারিয়া?

২৪ আগস্ট ২০২৬, ০৭:৪৯ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০৭:৫৩ AM
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে সতীর্থ আনহেল ডি মারিয়া

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে সতীর্থ আনহেল ডি মারিয়া © সংগৃহীত

দুই সতীর্থ আর আকাশি-সাদা জার্সি। একযুগ ধরে আলবিসেলেস্তাদের মনে জিইয়ে রেখেছিল ফুটবলের প্রতি ভালোবাসা ও আবেগ। তবে কাতার বিশ্বকাপ হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে আনহেল ডি মারিয়ার বিদায়ের পর তাকে আর লিওনেল মেসিকে মাঠে একসঙ্গে আর দেখা যায়নি। তবে ভক্তদের সামনে আবারও সুযোগ এসেছে ভুবনজয়ী দুই ফুটবলারকে আবারও একই দলের জার্সিতে দেখার।  

কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। সামনে খেলা চালিয়ে যেতে চেইলেও সামনে কী করবেন তা নিয়ে ভাবতে হবে বলে জানিয়েছেন তিনি।

বয়স ৩৮ পার হলেও সেটাকে স্রেফ সংখ্যা হিসেবে রেখেছেন ডি মারিয়া। মাঠের উপযোগী ফিটনেস বলছে, আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য তার রয়েছে। আর এই পরিস্থিতিতেই নতুন করে আলোচনায় এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির নাম। গুঞ্জন উঠেছে, অবসরে না গিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে আবারও লিওনেল মেসির সতীর্থ হতে পারেন তিনি।

ফুটবল বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, অতীতেও একাধিকবার ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টা করেছে ইন্টার মায়ামি। যদিও সেসব আলোচনা শেষ পর্যন্ত চূড়ান্ত রূপ পায়নি। তবে ২০২৭ সালকে সামনে রেখে নতুন করে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

মেসি ও ডি মারিয়ার বন্ধুত্ব এবং মাঠের বোঝাপড়া আধুনিক ফুটবলের অন্যতম সফল জুটি হিসেবে বিবেচিত। এই দুই তারকা একসঙ্গে আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমাসহ মোট পাঁচটি বড় শিরোপা। তাদের সাফল্যের গল্প শুরু হয়েছিল ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনার পদক জয়ের মাধ্যমে। পরে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মারাকানায় ডি মারিয়ার স্মরণীয় গোল আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা ঘোচায়।  

পরের বছর ২০২২ সালের ফিনালিসিমায় ইতালির বিপক্ষে জয় এবং একই বছরের কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পেছনেও ছিল এই জুটির অসাধারণ অবদান। বিশ্বকাপ ফাইনালে মেসির জোড়া গোলের পাশাপাশি ডি মারিয়ার গোল আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায়।

সবশেষে ২০২৪ কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা ফুটবলের অন্যতম সেরা অধ্যায়ের পূর্ণতা পায়। মেসির নেতৃত্ব আর বড় ম্যাচে ডি মারিয়ার নির্ভরযোগ্য পারফরম্যান্স দীর্ঘদিন ধরে আলবিসেলেস্তাদের সাফল্যের ভিত্তি হয়ে ছিল।

সেই শেষ। এরপর ২ বছর পার হয়ে গেলেও চিরচেনা এই দুই সতীর্থকে একসঙ্গে একই দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায়নি। তবে সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই এই জুটিকে ফের একসঙ্গে মাঠে দেখা যেতে পারে। 

এখন প্রশ্ন একটাই—ডি মারিয়া কি সত্যিই অবসরের পথে হাঁটবেন, নাকি ক্যারিয়ারের শেষ অধ্যায়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসির সঙ্গে আরেকবার মাঠ মাতাবেন? উত্তর এখনও অজানা। তবে ফুটবলপ্রেমীরা নিশ্চয়ই এই কিংবদন্তি জুটিকে আরেকবার একই জার্সিতে দেখতে আপত্তি করবেন না।

ঝালকাঠিতে লোডশেডিংয়ে শিল্প-কারখানায় উৎপাদন বন্ধের উপক্রম
  • ২৪ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ
  • ২৪ আগস্ট ২০২৬
নুসরাত হত্যাকাণ্ডের রায় দেয়া বিচারকের ক্ষমতা প্রত্যাহারের ন…
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য মন্ত্রণালয়ে চার নন-এমপি…
  • ২৪ আগস্ট ২০২৬
চাকরির প্রলোভনে বন্ধুকে অপহরণ করে হত্যা, ইজতেমা ময়দান থেকে…
  • ২৪ আগস্ট ২০২৬
টানা লোডশেডিং বিএনপির আগের আমলের ‘কানসাট বিদ্রোহ’ মনে করিয়ে…
  • ২৪ আগস্ট ২০২৬