নেইমার © সংগৃহীত
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের ভবিষ্যৎ নিয়ে আবারও শুরু হয়েছে জোর আলোচনা। জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ার পর এবার ক্লাব ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তার কথা জানালেন তিনি। সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। এরপর ক্লাবে থাকবেন, অন্য কোনো দলে যোগ দেবেন, নাকি সব ধরনের ফুটবল থেকেই অবসর নেবেন—সে সিদ্ধান্ত ডিসেম্বরেই নেবেন বলে জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সোমবার সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসর নেওয়ার কথা এখনো চূড়ান্তভাবে ভাবিনি। আবার কত দিন খেলতে পারব, সেটাও বলতে পারছি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি সেই চুক্তির মেয়াদ শেষ করতে চাই এবং সান্তোসের জার্সির মর্যাদা রাখতে চাই। এরপর সিদ্ধান্ত নেব—সান্তোসে থাকব, অন্য কোনো ক্লাবে যাব, খেলা ছেড়ে দেব, নাকি খেলাই চালিয়ে যাব।’
তার এই বক্তব্যের পর অনেকেই মনে করছেন, প্রয়োজন হলে ২০২৭ সালের মধ্যেও অবসরের সিদ্ধান্ত নিতে পারেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। যদিও তিনি এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নন।
নেইমার আরও বলেন, ‘ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তাই আমি এক ম্যাচ করে এগোতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি এখন শারীরিকভাবে ভালো অনুভব করছি।’
আজ সান্তোস দলের সঙ্গে বেলেমে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখানে কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই দলটির।
এই ম্যাচে খেলার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন নেইমার। হাস্যরস করে তিনি বলেন, ‘সান্তোসে কী হবে, সেটা খেলোয়াড়দের জানার আগেই সংবাদমাধ্যমে বের হয়ে যায়। সাংবাদিকেরা তো আগেই লিখে ফেলেছেন আমি বেঞ্চে থাকব। কিন্তু আমি কোচের জন্য শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে মাঠে নেমে দলকে জিততে সাহায্য করতে চাই।’
এর আগে ব্রাজিল জাতীয় দল নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন নেইমার। গত ২৯ জুলাই কোপা সুদামেরিকানার নকআউট প্লে-অফ ম্যাচ শেষে তিনি বলেন, ‘জাতীয় দলে আমার সময় শেষ হয়েছে। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। নিজের জীবন, রক্ত—সবই এই জার্সির জন্য দিয়েছি। সব সময় লড়াই করেছি। কিন্তু এখন আর এসব চাই না।’
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরও জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তবে তার বাবা নেইমার সান্তোস সিনিয়র মনে করেন, ছেলের বক্তব্যকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা উচিত নয়।
দাতব্য নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘অনেকে নেইমারের কথার ভুল ব্যাখ্যা করছেন। সে বলেছে, “আমার মনে হয় এখানেই শেষ।” এটি তার বর্তমান অনুভূতি, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা মাত্র একটি কঠিন বিশ্বকাপ শেষ করেছি। পরের বিশ্বকাপ হতে এখনো চার বছর বাকি। এত আগে সে কীভাবে নিশ্চিতভাবে বলে দিতে পারে যে আর খেলবে না?’
তিনি আরও বলেন, ‘নেইমার সব সময় নিজের মনের কথাই বলে। এই মুহূর্তে তার মনে হচ্ছে জাতীয় দলের অধ্যায় হয়তো শেষ হতে পারে। কিন্তু সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাবে না। এটি শুধু তার বর্তমান মানসিক অবস্থার প্রতিফলন।’
ফলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে সব জল্পনার উত্তর মিলবে আগামী ডিসেম্বরে। সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই তিনি ঠিক করবেন ক্লাব ফুটবল চালিয়ে যাবেন, নতুন কোনো দলে যোগ দেবেন, নাকি দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে সব ধরনের ফুটবল থেকেই বিদায় নেবেন।