ভোজিনিয়া © সংগৃহীত
চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে যোগ দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছিলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। তবে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই বদলে গেছে পরিস্থিতি। শেষ মুহূর্তে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে মরক্কোর ক্লাব রেনেসাঁ স্পোর্তিভ বারকান।
সবশেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা ভোজিনিয়া বর্তমানে ফ্রি এজেন্ট। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি শাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন ঠিকানা খুঁজছেন তিনি। কোলো কোলোর সঙ্গে তার মৌখিক সমঝোতা হলেও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। এ কারণেই ক্লাবটির হয়ে তার পরিচয় পর্বও পিছিয়ে গেছে।
গত ৩০ জুলাই চিলিতে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে সেখানে যাননি ভোজিনিয়া। পরে তিনি জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তার সফর পিছিয়েছে।
এই সুযোগেই ভোজিনিয়াকে পেতে আনুষ্ঠানিক প্রস্তাব দেয় মরক্কোর ক্লাব রেনেসাঁ স্পোর্তিভ বারকান। গোলরক্ষকটির প্রতি তাদের আগ্রহের পেছনে রয়েছে আরেকটি যোগসূত্র। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে কেপ ভার্দেকে ঐতিহাসিক সাফল্য এনে দেওয়া কোচ বুবিস্তা বিশ্বকাপের পরই বারকানের দায়িত্ব নিয়েছেন। জাতীয় দলের সাবেক কোচের সঙ্গে আবারও কাজ করার সুযোগ ভোজিনিয়ার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে এখনো ভোজিনিয়াকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোলো কোলো। চিলির ক্লাবটির বিশ্বাস, শেষ পর্যন্ত তাদের সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি করবেন এই গোলরক্ষক। দলের আর্জেন্টাইন কোচ ফার্নান্দো অর্টিসও জানিয়েছেন, ভোজিনিয়া চিলিতে খেলতে আগ্রহী।
অর্টিস বলেন, ‘আমি ভোজিনিয়ার সঙ্গে কথা বলেছি। এখানে আসতে সে দারুণ উচ্ছ্বসিত। এখন শুধু তার ব্যক্তিগত বিষয়গুলো মিটিয়ে আসার অপেক্ষা। তারপরই সে আমাদের সঙ্গে যোগ দেবে। আমাদের ক্লাবে খেলার সম্ভাবনা নিয়ে সে খুবই আনন্দিত।’
সবকিছু ঠিক থাকলে কোলো কোলোর সঙ্গে ভোজিনিয়ার ৬ মাসের জন্য প্রাথমিক চুক্তি হতে পারে। এরপর পারফরম্যান্স সন্তোষজনক হলে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।