জোড়া গোল করে সমালোচকদের এক হাত নিলেন নেইমার

২৬ জুলাই ২০২৬, ০৭:২২ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০৭:২৬ AM
 নেইমার

নেইমার © সংগৃহীত

সমালোচনার জবাব কথায় নয়, মাঠেই দিলেন নেইমার। চাপেকোয়েন্সের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি 'আ' লিগের ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে হার থেকে বাঁচানোর পাশাপাশি গোল উদযাপনে তাস খেলার ভঙ্গি করে সমালোচকদেরও কটাক্ষ করেন ব্রাজিলিয়ান এই তারকা। সম্প্রতি পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তারই প্রতীকী জবাব ছিল এই উদযাপন।

শনিবার (২৫ জুলাই) ভিলা বেলমিরো স্টেডিয়ামে ব্রাজিলিয়ান লিগের ২০তম রাউন্ডের ম্যাচে চাপেকোয়েন্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে সান্তোস। দলের দুটি গোলই করেন নেইমার।

ম্যাচের ৩৫তম মিনিটে বাররেয়ালের পাস থেকে ডি-বক্সে দারুণ এক ফিনিশে প্রথম গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। এরপর দ্বিতীয়ার্ধে চাপেকোয়েন্সে ফিরে এসে ৫১তম মিনিটে মার্সিনিয়োর গোলে সমতা ফেরায়। ৬২তম মিনিটে জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়েও যায় সফরকারীরা। ম্যাচ যখন হারতে বসেছে সান্তোস, তখন ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন নেইমার।

প্রথম গোলের পর উদযাপনে নেইমার এমন ভঙ্গি করেন, যেন তিনি তাস বিলিয়ে খেলছেন। টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, তাস বিলানোর ভঙ্গি করার সময় তিনি বিদ্রূপাত্মক ভঙ্গিতে 'চুপা' বলছিলেন। পোকার নিয়ে সমালোচনার পর এই উদযাপনকে অনেকেই সমালোচকদের উদ্দেশে সরাসরি বার্তা হিসেবে দেখছেন।

গত সপ্তাহে সাও পাওলোতে দুই দিনব্যাপী একটি পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ায় নেইমার তীব্র সমালোচনার মুখে পড়েন। ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের কোপা সুদামেরিকানার ম্যাচে তিনি খেলেননি। একই সময়ে পোকার টুর্নামেন্টে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। পরে সান্তোস জানায়, পরিকল্পিত বিশ্রামের অংশ হিসেবেই ওই ম্যাচে তাকে খেলানো হয়নি।

সমালোচনার জবাব দিতে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন নেইমার। সেখানে তিনি বলেন, ‘আজ দ্বিতীয় অনুশীলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন মনে হলো, আমার ছুটির দিনে আমি পোকার খেলেছি বলে কত মানুষ কত কথা বলেছে। আমি সকালে অনুশীলন করেছি, ম্যাচে যাইনি, পরে আবার অনুশীলনে ফিরেছি। সেদিন আমার ছুটি ছিল। তবু সবাই কথা বলছে। এখন আমি অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এবার কি অনুশীলনও করতে পারব, নাকি সেটাও নিয়ে সমালোচনা হবে? নিজের জীবনটা নিয়ে ভাবুন।’

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬
গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়া ছিলেন অকুতোভয় বীর সিপাহসালার…
  • ১৫ আগস্ট ২০২৬