মেসি ও স্কালোনিকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন দি মারিয়া

২৫ জুলাই ২০২৬, ০৮:৩৭ AM
দি মারিয়া, মেসি ও স্কালোনি

দি মারিয়া, মেসি ও স্কালোনি © সংগৃহীত

লিওনেল মেসি ও লিওনেল স্কালোনিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল দি মারিয়া। তিনি চান, আর্জেন্টিনা জাতীয় দলে আরও দীর্ঘ সময় থাকুন মেসি ও স্কালোনি। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে দলের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেছেন, তার কাছে বিশ্বকাপের সবচেয়ে বড় মুহূর্ত ছিল ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠা।

ক্লাউসুরা টুর্নামেন্টের প্রথম ম্যাচে বেলগ্রানোর কাছে রোজারিও সেন্ট্রালের ২-১ গোলে হারের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দি মারিয়া। ক্লাব ফুটবলের পাশাপাশি তিনি জাতীয় দল, বিশ্বকাপ এবং মেসি-স্কালোনির ভবিষ্যৎ নিয়েও নিজের মতামত তুলে ধরেন।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়কে বিশেষভাবে স্মরণ করে দি মারিয়া বলেন, 'ইংল্যান্ডকে হারানো পুরো দেশের জন্যই আনন্দের ছিল। সেটা সবার মধ্যেই স্পষ্ট দেখা গেছে এবং আমাকে খুব খুশি করেছে। সবার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।'

বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি প্রতিটি ম্যাচে ভীষণ উদ্বিগ্ন ছিলাম। কিন্তু তারা প্রতিবারই নিজেদের ভেতর থেকে সেরাটা বের করে এনে জিতেছে। কখনও ফাইনাল জেতা যায়, কখনও যায় না। এবার হয়নি, কিন্তু তারা আকাশচুম্বী উচ্চতায় তুলে ধরেছে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিকে।’

এই বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিততে না পারলেও খেলোয়াড়দের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানান দি মারিয়া। তার মতে, এই দল শুধু করতালির নয়, আরও বড় স্বীকৃতির দাবিদার।

তিনি বলেন, ‘এই দল যা অর্জন করেছে এবং ইংল্যান্ডকে হারিয়ে যে সাফল্য পেয়েছে, সেটাই ছিল সবকিছুর পরিপূর্ণতা। আমার কাছে বিশ্বকাপ সেখানেই শেষ হয়ে গেছে। তারা দেশের মানুষকে সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছে।’

এরপর মেসির ভবিষ্যৎ নিয়ে নিজের আশা প্রকাশ করেন ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা। তিনি চান, মেসি নিজের ইচ্ছামতো আরও অনেক দিন জাতীয় দলের হয়ে খেলুন।

দি মারিয়া বলেন, ‘আমি চাই, সে যতদিন না নিজে থামতে চায়, ততদিন খেলুক। আমার বিশ্বাস, তার সামনে এখনও অনেক বছর পড়ে আছে। ৩৯ বছর বয়সেও সে প্রমাণ করেছে, সে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার এবং তার সামর্থ্যের কোনো সীমা নেই।’

শুধু মেসিই নন, জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকেও দায়িত্বে দেখতে চান তিনি। স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা যে সাফল্য পেয়েছে, তা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন এই অভিজ্ঞ উইঙ্গার।

তিনি বলেন, ‘এটা স্কালোনেতা। সবার ভালোর জন্য আমি চাই সে থাকুক। আমাদের সামনে দারুণ একদল তরুণ খেলোয়াড় আছে। সে কী সিদ্ধান্ত নেবে, সেটা একান্তই তার বিষয়। তবে আমি আশা করি, সে দায়িত্বে থাকবে।’

অন্যদিকে, বেলগ্রানোর বিপক্ষে হারের কারণও বিশ্লেষণ করেছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার। তার মতে, দল ভালো খেললেও রক্ষণভাগের ভুলের কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ভালোই খেলেছি। প্রথমার্ধে শুরুটা একটু কঠিন ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। আমাদের হারার কথা ছিল না। তবে গত মৌসুমেও আমরা এভাবেই শুরু করেছিলাম, পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। আমাদের রক্ষণভাগে আরও উন্নতি করতে হবে এবং এত সহজে গোল খাওয়া বন্ধ করতে হবে।’

আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা মামলার আসামি খুবির …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে একাদশে ভর্তি শুরু, লাগবে যেসব কাগজপত্র
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রপাতসহ ভোর থেকে তুমুল বৃষ্টি, স্বস্তির সঙ্গে ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬