ফের মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা

২২ জুলাই ২০২৬, ০৫:১৩ PM
স্পেন ও আর্জেন্টিনা ম্যাচ

স্পেন ও আর্জেন্টিনা ম্যাচ © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের পর এবার ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ আয়োজনের আলোচনা ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইএসপিএন আর্জেন্টিনা ও ডিএসপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরেই কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা জোরালো। যদিও এ বিষয়ে এখনো উয়েফা বা কনমেবল আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) এবং দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মুখোমুখি হয়। তবে দুই দলের ব্যস্ত সূচির কারণে ম্যাচটির আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল।

‘ফিনালিসিমা’ মূলত ইউরোপের মহাদেশীয় চ্যাম্পিয়ন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ আন্তঃমহাদেশীয় শিরোপা লড়াই। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে কয়েকটি আসর অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ বিরতি শেষে ২০২২ সালে টুর্নামেন্টটি নতুন রূপে ফিরে আসে।

সর্বশেষ ২০২২ সালের ফিনালিসিমায় ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যেই আবারও মাঠে নামতে পারে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেনও প্রথমবারের মতো এই ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সম্ভাব্য এই লড়াই ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে।
মূলত ২০২৬ বিশ্বকাপের আগেই স্পেন ও আর্জেন্টিনার এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চলতি বছরের মার্চ মাসে কাতার বিশ্বকাপের স্মৃতিবিজড়িত লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার কারণে ভ্রমণ এবং আয়োজনের জটিলতা এড়াতে উদ্যোক্তারা পূর্ব নির্ধারিত ম্যাচটি বাতিল করতে বাধ্য হন। 
 
পরবর্তীতে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কিংবা স্পেন ও আর্জেন্টিনায় দ্বিপক্ষীয় (হোম অ্যান্ড অ্যাওয়ে) ম্যাচ আয়োজনের মতো বিকল্প প্রস্তাব রাখা হলেও কোনো পক্ষই সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। 

ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালোর সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, বহুপ্রতীক্ষিত এই ফাইনালটি এই বছরের শেষেই মাঠে গড়াতে পারে।  প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের নভেম্বর মাসে কাতারের লুসাইল স্টেডিয়ামেই আয়োজিত হতে পারে এই দুই মহাদেশীয় পরাশক্তির ফাইনাল। ইতোমধ্যে কাতার সরকার এই ম্যাচটি আয়োজনের স্বত্ব অর্জন করেছে বলেও দাবি করা হয়েছে।

যদিও উয়েফা এবং কনমেবল-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই প্রতিবেদন প্রকাশের পরপরই বিশ্ব ফুটবলজুড়ে ফুটবল সমর্থকদের আকর্ষণ তুঙ্গে উঠেছে। 

প্রসঙ্গত, ফিনালিসিমা স্থগিত হওয়ার ফলে ভাগ্যচক্রে বিশ্বকাপেরই সবচেয়ে বড় মঞ্চে এই দুই দলের মুখোমুখি দেখার সুযোগ পায় দর্শকরা। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে স্পেন।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬