৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির

০১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ AM
 ইতালি ফুটবল দল

ইতালি ফুটবল দল © সংগৃহীত

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে হেরে আবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া হলো না ইতালির। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে ৪-১ গোলে ইতালিকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা।

মঙ্গলবার রাতে বসনিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের, তবে একের পর এক সেভ করে তাদের হতাশ করেন ইতালির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

ম্যাচের ১৫তম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় ইতালি। বসনিয়ার গোলরক্ষকের ভুল পাস থেকে বল পেয়ে নিকোলো বারেল্লা পাস বাড়ান, সেখান থেকে বক্সের বাইরে থেকে শটে গোল করেন ফরোয়ার্ড মোইজে কিন।

তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় ইতালি। ৪১তম মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়া প্রতিপক্ষ খেলোয়াড়কে বক্সের বাইরে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি। এরপর ১০ জনের দলে পরিণত হয়ে পড়ে ইতালি।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালাতে থাকে বসনিয়া। ৭৯তম মিনিটে সমতায় ফেরে তারা। ডান দিক থেকে আসা ক্রসে প্রথমে এদিন জেকোর প্রচেষ্টা ঠেকান দোন্নারুম্মা, তবে ফিরতি বলে কাছ থেকে জালে পাঠান হারিস তাবাকোভিচ।

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ইতালির এসপোসিতো প্রথম শট উড়িয়ে মারেন, ব্রায়ান ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। অন্যদিকে বসনিয়ার প্রথম চার শটই জালে জড়ালে জয় নিশ্চিত হয় তাদের।

পুরো ম্যাচে প্রায় ৬৫ শতাংশ বল দখলে রেখে ৩০টি শট নেয় বসনিয়া, যার ১১টি ছিল লক্ষ্যে। দোন্নারুম্মা একাই ১০টি সেভ করেন। বিপরীতে ইতালির ৯ শটের মাত্র তিনটি ছিল লক্ষ্যে।

ম্যাচে ৬০তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি মোইজে কিন। মাঝমাঠ থেকে এগিয়ে গিয়ে গোলরক্ষকের সঙ্গে একা হয়েও শট উড়িয়ে মারেন তিনি।

এর আগে শুরু থেকেই একের পর এক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের দুর্বলতা ও দোন্নারুম্মার দৃঢ়তায় গোল পেতে দেরি হয় বসনিয়ার।

এই জয়ে ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বসনিয়া। অন্যদিকে ২০০৬ সালে সর্বশেষ বিশ্বকাপ জেতা ইতালি ২০১৮ সাল থেকে টানা তিনটি আসরেই বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হলো, প্রতিবারই প্লে-অফে হেরে।

ইউরোপের আরেক প্লে-অফ ফাইনালে ডেনমার্ককে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে চেক রিপাবলিক। নির্ধারিত সময়ে ১-১ এবং অতিরিক্ত সময়ে ২-২ সমতা ছিল ম্যাচে।

হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬
মোমবাতি প্রজ্বলনে বন্যায় নিহতদের স্মরণ নেপালি শিক্ষার্থীদের
  • ২৮ আগস্ট ২০২৬
মৃত্যুর আগেই চল্লিশা, খাওয়ালেন ৫ হাজার গ্রামবাসী
  • ২৮ আগস্ট ২০২৬
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ…
  • ২৮ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ, ৪২ হাজার …
  • ২৮ আগস্ট ২০২৬