‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক
‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক শিশু-কিশোর বক্তৃতানুষ্ঠানে অতিথিরা © টিডিসি ফটো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে বাংলা একাডেমি চারদিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
সোমবার কর্মসূচির দ্বিতীয় দিন একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক শিশু-কিশোর বক্তৃতানুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব ও লেখক সুভাষ সিংহ রায়। সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী।
সুভাষ সিংহ রায় বলেন, বঙ্গবন্ধুকে আজকের নতুন প্রজন্ম কীভাবে দেখছে, মূল্যায়ন করছে তা অনুধাবন করা অত্যন্ত জরুরি কারণ আজকের নবীনেরাই বঙ্গবন্ধুর স্বপ্নের আগামী বাংলাদেশ গঠন করবে।
সভাপতির বক্তব্যে আসাদ চৌধুরী বলেন, সংগ্রামী নায়ক বঙ্গবন্ধুকে বাংলাদেশের শিশু-কিশোররা যেভাবে তাদের অন্তরের ভালোবাসাসহ মূল্যায়ন করছে তা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অবশ্যই এক ইতিবাচক বিষয় কারণ এইসব শিশু-কিশোরদের হাতেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।