চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরি। সোমবার দুপুরে ফলাফল ঘোষণার পর গণমাধ্যমকে পূজা জানান, তিনি এসএসসিতে জিপিএ ৪.৩৩ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
তবে পূজার কথা অনুযায়ী তার রোল নম্বার দিয়ে ফলাফল দেখতে গেলে দেখা যায় তিনি পেয়েছেন ৩.৩৩। এদিকে, বিষয়টি অনেকের কাছে পৌঁছে গেলে পূজাকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন ফলাফল খারাপ হতেই পারে তবে এনিয়ে মিথ্যাচারের কী আছে?
জানা যায়, পূজা চেরি রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি বাণিজ্য বিভাগের ছাত্রী। ভবিষ্যতেও বাণিজ্য বিভাগেই পড়তে চান। তিনি বলেন, ‘ঢাকা সিটি কলেজ কিংবা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। দেখি শেষ পর্যন্ত কোথায় হতে পারি।’
নায়িকা পূজা চেরি অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে—‘নূর জাহান’, ‘পোড়ামন টু’ ও ‘দহন’। সম্প্রতি তিনি ‘শান’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।