কোন ধরনের অনিয়ম কিংবা জালিয়াতির ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের স্নাতক সম্মান ১ম বর্ষের ১ম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ ছিল।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, ২০১৮-১৯ সেশনের স্নাতক সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ম দিনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৬২ হাজার ২১৮জন ভর্তিচ্ছু আবেদন। তার মধ্যে ১ম দিনের মোট ৫ শিফটে ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহন করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, সকল ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তৎপর ছিলো শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটি। ফলে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় তিনি বলেন, ভর্তিচ্ছু ও অভিভাবকদের সহায়তা করতে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া কোন ধরনের অনিয়ম ঠেকাতে তৎপর থাকবে বিশেষ টিম।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক শেখ মনজুরুল হক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার প্রমুখ।