ড. দিব্যদ্যুতি সরকার © ফাইল ফটো
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার।
বুধবার (৪ আগস্ট) নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুন ২০২১ হতে এই নিয়োগ কার্যকর বলে গণ্য হবে এবং পরবর্তী দুই বছরের জন্য বহাল থাকবে। নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নিয়োগ বিবেচিত হবে এবং বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের নতুন ডিন নিযুক্ত করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার। তিনি বলেন, এই অনুষদের অধিকাংশ বিভাগ নতুন হওয়ায় এসব বিভাগের অনেক বিকাশের প্রয়োজন রয়েছে। আমার পরিকল্পনা ও আকাঙ্খা, এই অনুষদের গবেষণা, অধ্যয়ন শিক্ষক- শিক্ষার্থীদের পঠন-পাঠনের মানোন্নয়ন করা। এছাড়া একাডেমিক কার্যক্রমে গতি আনার জন্য সাধ্যমত চেষ্টা করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ হওয়াতে এখানে বাংলাদেশ সংক্রান্ত বহু বিষয় প্রাসঙ্গিক। যেমন বাংলাদেশের অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমাজ। ফলে আমার লক্ষ্য থাকবে ডিন হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ক এসবের উপর চর্চা চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা।
উল্লেখ্য, ড. দিব্যদ্যুতি সরকার ২০১৬ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করে বর্তমানে বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (২২ তম ব্যাচ) সাধারণ শিক্ষা ক্যাডারে প্রথম হিসেবে উত্তীর্ণ হয়ে বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে শরনার্থী সমস্যা ও ভূ-রাজনীতি নিয়ে পিএইচডি গবেষণা করেন ড. দিব্যদ্যুতি সরকার।