বিভাগীয় বিতর্ক উৎসবে লিডিং ইউনিভার্সিটির সাফল্য
বিভাগীয় বিতর্ক উৎসবে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন © সংগৃহীত
বিতর্ক শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করে বলে মন্তব্য করেছেন লিডিং ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। গত ১১ অক্টোবর শাহজালাল ইউনিভার্সিটি ডিভেটিং সোসাইটির বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৬-এ রানার্স-আপ হয় লিডিং ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির এ অর্জনে এ মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম SUDS (শাহজালাল ইউনিভার্সিটি ডিভেটিং সোসাইটি) বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৬-এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (LUDC)-এর দল LUDC Metamorphosis।
বিতর্ক উৎসব ২০২৬ এর পুরস্কার বিতরণী ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় LUDC-এর প্রতিনিধিত্বকারী দুটি দল LUDC Metamorphosis এ শামস আবীরুজ্জামান সিয়াম, অভিজিৎ,আকাশ দাস এবং LUDC Durgeshondini এ নওশীন শারমিন রিতু, বনশ্রী রায় ঐশী, লিমা আক্তার অংশগ্রহণ করেন।
লিডিং ইউনিভার্সিটির ডিভেটিং ক্লাবের এ অর্জনে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মিতার মঞ্চে তাদের এই সাফল্য লিডিং ইউনিভার্সিটিতে বিতর্কচর্চার অগ্রযাত্রাকে আরও অনুপ্রাণিত করবে। তিনি আরো বলেন, বিতর্ক শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করে। এ সময় লিডিং ইউনিভার্সিটি ডিভেটিং ক্লাবের এডভাইজর মো. জামানের রহমান উপস্থিত ছিলেন।