জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ

১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ PM
 আনু মুহাম্মদ

আনু মুহাম্মদ © টিডিসি ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটির নেতারা। এসব চুক্তি দেশের বাণিজ্যিক সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও কর্মসংস্থানের জন্য হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মুহাম্মদ। এটি সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা ইভান তাহসীব।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘ব্রিটিশরা নিজেদের শোষণ বজায় রাখতে নানা ধরনের সাম্প্রদায়িক বিভাজন ছড়াত। বর্তমানেও দেশের স্বার্থবিরোধী নানান তৎপরতা থেকে মানুষের নজর ঘুরাতে নানারকম কৃত্রিম বিভাজন তৈরির চেষ্টা অব্যাহত আছে। মার্কিন চুক্তি আসলে চুক্তি না। এটা ট্রাম্পের আদেশনামা। গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া বোঝায় না। গণতন্ত্র মানে সরকার যা করছে তার উপর জনগণের কর্তৃত্ব কতটা সেটা দেখা। সেই কর্তৃত্ব মানুষ এখনো পায় নাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অবস্থা দেখে মনে হচ্ছে জনগণ সরকারকে ভোট দিয়ে আনে নাই। তাদেরকে ট্রাম্প ভোট দিয়ে এনেছে সরকারে।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত, নানান লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত একটা দেশে কীভাবে জনগণের স্বার্থ বিকিয়ে দেওয়া হচ্ছে সেটা আপনারা খেয়াল করবেন। কেবল নীরব, নিষ্ক্রিয় মৌন মানুষ হিসেবে থাকবেন না। সরকারকে বাধ্য করবেন এই ধরনের চুক্তি থেকে সরে আসতে। সকলের প্রতি আমরা এই আহ্বান জানাই।’

গণতান্ত্রিক অধিকার পরিষদের মাহতাব উদ্দীন আহমেদ বলেন, ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করলে বাংলাদেশকে অন্যান্য দেশের মতো ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে, যা দেশের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতায় বাড়তি কোনো প্রভাব ফেলবে না। বিপরীতে, চুক্তি বহাল থাকলে দেশের বাণিজ্যিক সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর প্রবল হুমকি তৈরি হতে পারে। একই সঙ্গে পণ্যের দাম ও বেকারত্ব বাড়ার আশঙ্কাও রয়েছে। নিউমুরিং টার্মিনাল ইজারার পূর্ণাঙ্গ শর্তাবলি ও চুক্তি জনগণের সামনে প্রকাশ না করায় সরকারের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগও তোলেন তিনি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা বলেন, ‘দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ না হলেও সরকার একের পর এক অপ্রয়োজনীয় কেনাকাটার চুক্তি করে যাচ্ছে, যা দেশের মানুষের স্বার্থবিরোধী। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক আবদুল্লাহ কাফি রতন বলেন, সরকার বিদেশিদের সন্তুষ্ট করার দিকে বেশি মনোযোগী। এ কারণে বিভিন্ন ধরনের কেনাকাটার বহর দেখা যাচ্ছে। অথচ দেশের নিজস্ব প্রয়োজন মেটানোর ক্ষেত্রে সরকারের তেমন কোনো মাথাব্যথা নেই।’

ডাক্তার হারুন অর রশিদ বলেন,‘মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো না গেলে ভবিষ্যতে ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে। অতীতে বাহাদুর শাহ পার্কে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমানেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।’

নিউমুরিং টার্মিনাল ইজারার প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি মানেই ভালো এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের সদস্যসচিব আখতারুজ্জামান খান বলেন, বন্দরের ইজারা দেওয়ার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন সরাসরি জড়িত। এই ইজারার মাধ্যমে এখানে মার্কিন সাম্রাজ্যবাদ ঘাঁটি গাড়বে না, এমন নিশ্চয়তা নেই।

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মানস নন্দী বলেন, মার্কিন বাণিজ্য চুক্তির ফলে সবচেয়ে বড় ক্ষতি হতে পারে কর্মসংস্থানের ক্ষেত্রে। চুক্তিটি কার্যকর হলে দেশের দরিদ্র মানুষের কর্মসংস্থানের ওপর ব্যাপক আঘাত আসতে পারে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সমন্বয়ক জামশেদ আনোয়ার তপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক, রাজনৈতিক ব্যক্তিত্ব তাহেরা বেগম জলি, গবেষক সুজিত চৌধুরী এবং সমাজচিন্তা ফোরামের সদস্যসচিব রঞ্জন দাশ শিবুসহ গণতান্ত্রিক অধিকার কমিটি ও গণতান্ত্রিক ছাত্র জোটের সদস্যরা।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬