জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন © টিডিসি ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে ১৯৮৫ সালের জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহত ৪০ জনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল, সলিমুল্লাহ মুসলিম হলসহ ঝুঁকিপূর্ণ আবাসিক হলগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
এ সময় জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিবুল ইসলাম বলেন, ‘জগন্নাথ হলের মর্মান্তিক ঘটনা থেকেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যূনতম শিক্ষা নেয়নি। হাজী মুহম্মদ মুহসীন হল, সলিমুল্লাহ মুসলিম হলসহ বেশ কয়েকটি হলের অবস্থা নাজুক যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঝুঁকিপূর্ণ হল সংস্কারের আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। অতীতের মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঝুঁকিপূর্ণ আবাসিক হলগুলো সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অ্যাসেম্বলি হলের (টিভি রুম) ছাদ ধসে পড়ে। এতে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারীসহ মোট ৪০ জন নিহত হন। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন।