© ফাইল ফটো
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কম্পিউটার চুরির ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির একজনকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ওই সদস্য বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। তার নাম মোঃ নজরুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয় তদন্ত কমিটির কার্যক্রম সকল প্রশ্নের উর্ধ্বে রাখতে অপর ৬ সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে আজ দুপুরে ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছিলেন, কম্পিউটার চুরির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফকে একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে তখন বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাও পনির সাথে রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন।
যেই রেস্টুরেন্ট থেকে পনিকে গ্রেপ্তার করা হয়েছে সেই বারবিকিউ রেস্টুরেন্টে কর্মরত মোঃ রেজওয়ান মোল্লাও বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, যখন তাদের রেস্টুরেন্ট থেকে শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় তখন মোঃ নজরুল ইসলামও (সহকারী রেজিস্ট্রার) সেখানে উপস্থিত ছিলেন।
এ অভিযোগের ব্যাপারে মোঃ নজরুল ইসলাম জানান, তদন্ত কমিটির একজন সদস্য হিসেবে তিনি সব সময় প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করেছেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।
এদিকে চুরির ঘটনার বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো: ছানোয়ার হোসেন বলেন, এটি তদন্তাধীন বিষয় হওয়ায় আমরা এখনই বিস্তারিত কিছু বলবো না। তবে আশা করছি খুব শিগগির ঘটনার প্রকৃত ঘটনা উদঘাটন হবে।
প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয় এবং পরবর্তীতে ১৩ আগস্ট রাতে ৩৪টি কম্পিউটার রাজধানীর একটি হোটেল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।