বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির লোগো © সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় ১৩ বছরে ১ লাখ ২৫ হাজার নিহত হয়েছেন। আহত ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, স্বাধীনতার পূর্বে এদেশের প্রধান যাতায়াত মাধ্যম ছিল নৌ-পথ, ২য় অবস্থানে ছিল রেলপথ নিরাপদ ও স্বাশ্রয়ী এই দুইপথে ৮০ শতাংশ মানুষের যাতায়াত হতো। সড়কে মাত্র ২০ শতাংশ মানুষের যাতায়াত ছিল। তখন সড়ক দুর্ঘটনাও ২০ শতাংশের সীমিত ছিল।
স্বাধীনতার পরে বিশ্বব্যাংক, আইএমএফসহ দাতা সংস্থা তাদের ঋণের জালে আবদ্ধ করার মানসে উন্নয়ন ও সংস্কারের নামে সরকারের বিভিন্ন সংস্থার বেহিসেবী লুটপাট, পরিবহনে বেপরোয়া চাঁদাবাজি, বহুমাত্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে রেল ও নৌ-পথ সংকুচিত করে একের পর এক নতুন নতুন সড়ক নির্মাণ ও সম্প্রসারণ করে ৮০ শতাংশ মানুষের যাতায়াত সড়কে নিয়ে আসা হয়েছে। সরকারের দুর্নীতি ও ভুলনীতির ফলে সড়ক দুর্ঘটনাও ৮০ শতাংশ বেড়েছে। তাই সড়কে গণহত্যার দায় অতীতের সব সরকারকে নিতে হবে।
সড়ক সেক্টরে বিগত আওয়ামীলীগ সরকারের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিবহন মালিক-শ্রমিক ও কতিপয় দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের বেপরোয়া চাদাঁবাজি ও নৈরাজ্যের কারণে সড়কের বিশৃঙ্খলা, ফিটনেসবিহীন যানবাহনের অবাধে চলাচল, লাইসেন্সবিহীন চালক, অপ্রাপ্তবয়স্ক চালক, সড়কে নির্মাণ ত্রুটি, মাদকসেবন করে যানবাহন চালানো, বেপরোয়া গতি, অযোগ্য যানবাহনের ফিটনেস প্রদান, অযোগ্য চালকের হাতে লাইসেন্স প্রদান, লাইসেন্সবিহীন-প্রশিক্ষণহীন চালকের হাতে যানবাহন তুলে দেয়াসহ নানান কারণে বিগত ২০১৪ সাল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিগত এক যুগের বেশি সময়ে দেশে গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনা ঘটে।
সালভিত্তিক দুর্ঘটনায় নিহত-আহতের সংখ্যা
২০১৪ সালে ৫ হাজার ৯২৮টি দুর্ঘটনায় নিহত ৮ হাজার ৫৮৯ ও আহত ১৭ হাজার ৫২৪। ২০১৫ সালে ৬ হাজার ৫৮১টি দুর্ঘটনায় নিহত ৮ হাজার ৬৪২ ও আহত ২১ হাজার ৮৫৫। ২০১৬ সালে ৪ হাজার ৩১২টি দুর্ঘটনায় নিহত ৬ হাজার ৫৫ ও আহত ১৫ হাজার ৯১৪। ২০১৭ সালে ৪ হাজার ৯৭৯টি দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৯৭ ও আহত ১৬ হাজার ১৯৩। ২০১৮ সালে ৫ হাজার ৫১৪টি দুর্ঘটনায় নিহত ৭ হাজার ২২১ ও আহত ১৫ হাজার ৪৬৬। ২০১৯ সালে ৫ হাজার ৫১৬টি দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৮৫৫ ও আহত ১৩ হাজার ৩৩০। ২০২০ সালে ৪ হাজার ৮৯১টি দুর্ঘটনায় নিহত ৬ হাজার ৬৮৬ ও আহত ৮ হাজার ৬০০। ২০২১ সালে ৫ হাজার ৬২৯টি দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৮০৯ ও আহত ৯ হাজার ৩৯। ২০২২ সালে ৬ হাজার ৭৪৯টি দুর্ঘটনায় নিহত ৯ হাজার ৯৫১ ও আহত ১২ হাজার ৩৫৬। ২০২৩ সালে ৬ হাজার ২৬১টি দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৯০২ ও আহত ১০ হাজার ৩৭২। ২০২৪ সালে ৬ হাজার ৩৫৯টি দুর্ঘটনায় নিহত ৮ হাজার ৫৪৩ ও আহত ১২ হাজার ৬০৮। ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি দুর্ঘটনায় নিহত ৯ হাজার ১১১ ও আহত ১৪ হাজার ৮১২।