© প্রতীকী ছবি
দেশে ফেরার আগ মুহূর্তে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক নেপালী শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। পরে তিনি ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরে গেছেন। বিশ্ববিদ্যালয়ের লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এলভিএম) বিভাগের ওই শিক্ষার্থী বর্তমানে শেখ রাসেল হলে আইসোলেশনে রয়েছেন।
আজ শনিবার (২০ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোঃ শাহজাহান দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে বলেন, আজ (নেপাল) দেশে ফেরার পূর্বে করা স্বাস্থ্য পরীক্ষায় এলভিএম বিভাগের একজন শিক্ষার্থীর করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে তিনি পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে। বর্তমানে তাকে শেখ রাসেল হলে আইসোলেশনে রাখা হয়েছে।
এর আগে আজ দুপুরে একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করেন ২৬ শিক্ষার্থী। এলভিএম বিভাগের ওই শিক্ষার্থীর তাদের সাথে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে করোনা পজিটিভ আসায় তিনি ক্যাম্পাসে ফিরে গেছেন।
এ ব্যাপারে শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনা আক্রান্ত শিক্ষার্থীকে আমরা আইসোলেশনে রেখেছি এবং গোপালগঞ্জের উপজেলা প্রশাসনসহ জেলা সিভিল সার্জনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি। তিনি বলেন, আমাদের শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন পর্যন্ত সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। আশা করছি, কোনো বড় ধরনের সমস্যা হবেনা।
জানা গেছে, বশেমুরবিপ্রবির শেখ রাসেল হলে বর্তমানে ১৫ জন সোমালিয়ান এবং ২ জন নেপালী শিক্ষার্থী রয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৮ মার্চ বশেমুরবিপ্রবির শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় এসব শিক্ষার্থী এতদিন হল ত্যাগ করতে পারেননি।