হাবিপ্রবি উপাচার্য
কৃষক সেবা কেন্দ্র উদ্বোধন © টিডিসি ফটো
কৃষক সেবা কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) দিনাজপুর তথা উত্তরবঙ্গে কৃষি সেবার নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বলে মন্তব্য করেছেন উপাচার্য প্রফেসর ড.মু. আবুল কাসেম। বৃহস্পতিবার মুজিববর্ষ উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, কৃষক সেবা কেন্দ্র আমার অনেক দিনের স্বপ্ন ছিল, অবশেষে মুজিববর্ষের প্রারম্ভে এসে তা পূর্ণতা পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের কৃষকদের নিয়ে, মেহনতি মানুষদের নিয়ে সব সময় স্বপ্ন দেখতেন। বর্তমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আজকে হাবিপ্রবিতে যে কৃষক সেবা কেন্দ্র চালু হলো সেটি প্রধামনন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতার একটি অংশ। এর দ্বারা শুধু বিশ্ববিদ্যালয়ই নয় দিনাজপুর অঞ্চলসহ দেশের উত্তরাঞ্চলের কৃষকরা উপকৃত হবেন।
তিনি বলেন, কৃষক সেবা কেন্দ্রে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসবেন। আমরা সে অনুযায়ী কাজ করবো। প্রয়োজনে আমরা কৃষকদের সাথে তাদের মাঠে যাব। কৃষকদের মাঠে যৌথভাবে কৃষি গবেষণা কাজ পরিচালনা করা হবে। এর থেকে যা ফলন আসবে সেটা কৃষকরাই পাবেন।
ড.মু.আবুল কাসেম বলেন, এছাড়াও বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও এতিমখানায় সবজি উৎপাদনের প্রতিযোগিতামূলক প্রদর্শনী খামার স্থাপন করা হবে। এতে করে শিক্ষার্থীরা হাতে কলমে সবজি চাষ করার সুযোগ পাবে তেমনি উৎপাদিত সবজি খেতে পারবে ও উৎপাদিত ফসল বাজারজাত করে প্রতিষ্ঠানের তহবিল বৃদ্ধি করতে পারবে।
কৃষি সম্প্রসারণ বিভাগ, দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল ওয়াজেদ বলেন, এটি একটি মহতী ও ব্যতিক্রমী উদ্যোগ। এ উদ্যোগের ফলে স্থানীয় কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা করি। কৃষকের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার জন্য এর প্রসার প্রচার জরুরি। সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের বিভিন্নভাবে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। আর সেই সেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে এই কৃষক সেবা কেন্দ্র। এজন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
কৃষক সেবা কেন্দ্র উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক (বীর মুক্তিযোদ্ধা), ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল এক্সটেনশন (ডিএই) এর দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক (হর্টিকালচার সেন্টার) প্রদীপ কুমার গুহ এবং উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবু জামান সরকার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরাবৃন্দ।