বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অসুস্থ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম অসুস্থ বলে এখনও শিক্ষার্থীদের কাছে যাননি, তবে তিনি যাবেন।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর আজ মঙ্গলবারও ক্যাম্পাসে দেখা যায়নি উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে। সোমবার থেকেই তাকে খুঁজে পাচ্ছেন না শিক্ষার্থীরা। এদিন শেরে বাংলা হলে ছুটে যাওয়া প্রত্যেকেই ভিসি অনুপস্থিতিতে বিস্মিত হয়েছেন। সবার একটাই প্রশ্ন, ‘ভিসি কোথায়?’
সোমবার ভিসিকে মোবাইলে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। এ নিয়েই তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র খুন হওয়া এবং এরপর উত্তাল ক্যাম্পাসে প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির অনুপস্থিতি তাদের অবাক করেছে। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিলে ভিসির বিরুদ্ধেও স্লোগান দেন তারা।
এমতাবস্থায় ভিসির অবস্থান জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বুয়েটে ছাত্র হত্যা নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন হওয়ার মতো পরিবেশ হচ্ছে-এ বিষয়ে আপনারা প্রস্তুত কী না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোথাও আন্দোলনের ছোট ঢেউও নেই। ছাত্রলীগের গুটিকয়েক অপরাধ করলে বা যুবলীগের গুটিকয়েক অপরাধ করলে সেটার জন্য গোটা সংগঠন দায়ী নয়। দলের পরিচয়ে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না।