বুয়েটে নির্মম নির্যাতন চালাতো ছাত্রলীগ

০৮ অক্টোবর ২০১৯, ০৮:২৬ AM

বুয়েটের হলগুলোতে নিয়মিতই ঘটছে ছাত্র নির্যাতনের ঘটনা। ছাত্রনেতাদের ভয়ে নির্যাতনের শিকার শিক্ষার্থীরা কারো কাছে কোনো অভিযোগও করতে পারতেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমর্থনপুষ্ট ছাত্রনেতারা কারণে-অকারণে নির্যাতন করতো সাধারণ ছাত্রদের। গতকাল রাতে ছাত্রলীগের নির্যাতনে ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু হওয়ায় বিষয়টি সামনে এসেছে গুরুত্বের সঙ্গে। গতকাল সোমবার বয়েটের আবাসিক শিক্ষার্থীরা বর্ণনা দিয়েছেন শত শত নির্যাতনের ঘটনা।

শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগ নেতারা  বুয়েটের আবাসিক হলগুলোকে অনেকটা টর্চার সেলে পরিণত করেছেন। চুল বড় রাখা, ছাত্রনেতাদের সালাম না দেওয়া, এমন সব ঠুনকো অজুহাতে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। কথায় কথায় গায়ে হাত তোলার সঙ্গে জড়িত বুয়েট ছাত্রলীগের হল ও বিশ্ববিদ্যালয় কমিটির একাধিক নেতা। তাদের কথাই ছিল আইন। পান থেকে চুন খসলেই সাধারণ শিক্ষার্থীদের ওপর নেমে আসতো নির্মম নির্যাতন।

খোঁজ নিয়ে দেখা গেছে, কিছু নেতার কথার অবাধ্য হলেই আবাসিক হলে ও ক্যাম্পাসে গিয়ে সাধারণ ছাত্রদের ওপর হামলা চালিয়ে আহত ও রক্তাক্ত করার ঘটনা ঘটেছে বুয়েটে। রক্তাক্ত অবস্থায় আবার পরীক্ষার আগে ক্যাম্পাস ছাড়া করার ঘটনাও ঘটেছে সংশ্নিষ্ট ছাত্রকে। হল পলিটিক্সের দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের এমনকি সাধারণ ছাত্রদের ব্যক্তিগত মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। আর সবই ঘটছে হল প্রশাসনের সামনে। অথচ অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো আহত, রক্তাক্ত শিক্ষার্থীদের বুঝিয়ে শুনিয়ে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীকে মেরে কান ফাটিয়ে দেওয়া, ক্যাম্পাসে চাঁদাবাজি করা ও সাংবাদিকদের ওপর হামলাসহ বুয়েট ক্যাম্পাসে নানা অপকর্ম অহরহ ঘটেছে। তুচ্ছ বিষয়ের জের ধরে বিভিন্ন পন্থায় শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। শিক্ষার্থীদের অভিযোগ, এসব হামলার বিচার না হওয়ার কারণেই মূলত বার বার এ রকম ঘটনা ঘটছে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে তুচ্ছ বিষয় নিয়ে শিক্ষার্থীদের মারধরের ঘটনার ধারাবাহিকতারই ফল বলে অভিযোগ করেন তার সহপাঠীরা। তারা বলছেন, বুয়েটে তুচ্ছ বিষয় নিয়ে প্রতিনিয়তই এ রকম ঘটনা ঘটছে। পার্থক্য শুধু এখানেই যে, এবার একজন মারা গেছে, অন্যসময় তা হয়নি। মূলত বিচার না হওয়ার কারণে বারবার এ রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। গত ৫ অক্টোবর বাংলাদেশ-ভারত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জের ধরেই শিবির সন্দেহে তাকে মারধর করা হয়েছে বলে জানা যায়।

নির্মম নির্যাতনের কিছু ঘটনা : তুচ্ছ বিষয় নিয়ে মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছিল প্রথম বর্ষের শিক্ষার্থী অভিজিৎ করের। এতে তার একটি কানের শ্রবণশক্তি চিরতরে নষ্ট হয়ে যায়। প্রথম বর্ষের শিক্ষার্থীদের মারধরের বিষয়টি বুয়েটে ওপেন সিক্রেট। বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অভিজিৎ কর গত ৩০ জুন নিজের ফেসবুক ওয়ালে তার ওপর নির্যাতনের ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। ওই সময় তার ওই স্ট্যাটাসটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেসময় তাকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়।

তার বর্ণনা অনুযায়ী, ২৭ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আহসানউল্লাহ হলের ২০৫ নম্বর রুমে তাকেসহ প্রথমবর্ষের বেশ কয়েকজনকে ডেকে আনা হয়। তারপর এক এক করে বিভিন্ন কারণ দেখিয়ে তাদের মারধর করা হয়। এর মধ্যে দাড়ি রাখার জন্য একজনকে কষে থাপ্পড় মারা হয়। জ্যেষ্ঠ ছাত্রকে সালাম না দেওয়ার কারণে আরেকজনকে বেধড়ক মারধর করা হয়। এরপর অভিজিৎ করকে চুল লম্বা রাখার কারণে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়। তাকে মারধরও করা হয়।

এ বিষয়ে অভিজিৎ বলেন, 'এ ঘটনার পর হলের শিক্ষকদের কাছে অভিযোগ করা হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমার কানের মধ্যে সবসময় শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। কী অপরাধ আমার, আমি প্রথম বর্ষের, এটাই কি আমার অপরাধ?'

এর আগে ২০১৭ সালে তুচ্ছ বিষয় নিয়ে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের কাফি নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয় বলে জানা গেছে। তাকে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাসছাড়া করা হয়। এমনকি ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায়ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে তিনি বুয়েট ছেড়ে বরিশালের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। একইভাবে গত বছর রায়হান নাফিস নামে এক শিক্ষার্থীকে মারধর করা হয়।

২২ মে রশীদ হলের সুমন খান নামের এক ছাত্রের কাছে টাকা ধার চেয়ে না পেয়ে তাকে উল্টো ঝুলিয়ে নাকে গরম পানি ঢালা হয় বলে ওই হলের ছাত্ররা জানান। এতে সুমনের নাসিকা, স্নায়ুতন্ত্র ও চোখের গুরুতর ক্ষতি হয়েছে।

এদিকে গত ১৬ ডিসেম্বর বুয়েটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা মারধরের শিকার হন তিন সাংবাদিক। ওই ঘটনাও ওই শেরেবাংলা হলেই ঘটেছিল। ভুক্তভোগী তিন সাংবাদিক হলেন দৈনিক জনকণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার মুনতাসির জিহাদ, কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান ও সারাবাংলার বিশ্ববিদ্যালয় রিপোর্টার কবির কানন।

তাদের আটকে মারধর করেন বুয়েট শেরেবাংলা হল শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক আসিফ রায়হান মিনার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক সম্পাদক এসএম মাহমুদ সেতু, সাবেক যুগ্মসম্পাদক নাফিউল আলম ফুজি, সাবেক প্রচার সম্পাদক নিলাদ্রি নিলয় দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজিদ মাহমুদ অয়ন, সাবেক সহসভাপতি সন্টুর রহমান, মেকানিক্যাল বিভাগের অর্ণব চক্রবর্তী সৌমিক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাউফুন রাজন ঝলক, মেকানিক্যাল বিভাগের মিনহাজুল ইসলাম, নেভাল আর্কিটেকচার বিভাগের মেহেদী হাসান, তড়িৎ কৌশল বিভাগের ফারহান জাওয়াদ। বুয়েট ছাত্রলীগের সভাপতি খন্দকার জামী-উস সানী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের নির্দেশে এমন হামলা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ঘটনা জানাজানি হওয়ার পর রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান নেতারা। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তারা।

 

এ বিষয়ে হামলার শিকার কালের কণ্ঠের সাংবাদিক মেহেদী হাসান বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীরা ধরে নিয়ে গেছে- এমন তথ্য পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। ঘটনাটির বিষয়ে একেকজন একেক রকম তথ্য দিচ্ছিল। হলের ভেতর প্রবেশ করার পরে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাংবাদিক পরিচয় পেয়েও আমাদের মারধর করে।'

সোহরাওয়ার্দী হলের কয়েকজন ছাত্র জানান, কেবল রাজনৈতিক কারণে নয়, বিচার সালিশের নামেও অনেককে মারধর করা হয়। সাধারণ কোনো ছাত্র হলের অন্য কোনো ছাত্রের নামে কোনো অভিযোগ করলে তাকে ডাকা হয় সংশ্নিষ্ট হলের টর্চার সেল হিসেবে চিহ্নিত রুমগুলোতে। সেখানে কথাবার্তায় সমাধান না হলে, অথবা বিচার কারও মনঃপূত না হলে ভাগ্যে জুটত বেদম মারধর। ক্রিকেট স্টাম্প ও লাঠি দিয়ে পেটানো হতো। এমনই এক ঘটনায় সোহরাওয়ার্দী হলের তড়িৎ কৌশল বিভাগের ছাত্র রুম্মান রশীদের ডান হাত পিটিয়ে ভেঙে দেওয়া হয়।

তবে আববার ফাহাদ খুনের ঘটনার পর শেরেবাংলা হল ছেড়ে পালিয়েছেন ছাত্রলীগের অন্তত ১৫ নেতাকর্মী। সাধারণ ছাত্রদের গায়ে হাত তোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গেস্টরুমসহ জমজমাট শেরেবাংলা হলে গতকাল রাতে এখন সুনসান নীরবতা বিরাজ করতে দেখা গেছে। প্রতিদিন যেখানে সন্ধ্যার পর নেতাকর্মীদের আড্ডা, বিচার-সালিশ ও বহুজনের আনাগোনা ছিল, গতকাল সেখানে কাউকেই পাওয়া যায়নি। পালিয়েছে বিভিন্ন সময় সাধারণ ছাত্রদের নির্যাতনের দায়ে অভিযুক্তরাও।

ট্যাগ: বুয়েট
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close