অ্যাম্বুলেন্স করে বের হচ্ছেন চুয়েট ভিসি © সংগৃহীত
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস ছেড়েছেন অবরুদ্ধ থাকা নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। আজ মঙ্গলবার ১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার পর ক্যাম্পাসে আসেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
পরে ৬টার পর অ্যাম্বুলেন্স গাড়ি করে ক্যাম্পাস ছাড়েন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এসময় ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন আন্দোলনকারীরা। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এ সময় ঘটেনি।
পরে এসপি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, অধ্যাপক ড. শেখ শরীফুল আলম গতকাল থেকে অবরুদ্ধ থাকায় অসুস্থ হয়ে পড়েন। এজন্য আমরা এসে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি।
এসময় তিনি অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে হাসপাতালে ভর্তি করা হবে বলে জানান।
এর আগে বিকেল ৫টার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপার চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। উপাচার্যকে উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, একজন সম্মানিত শিক্ষক আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন, চিকিৎসার জন্য বলেছেন। তাঁকে আমরা নিয়ে যেতে এসেছি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে।
পরে জেলা প্রশাসক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব ও গালিব। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে প্রশাসনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলেন।